Bartaman Logo
১৪ জুন, ২০২৬

ভেঙে পড়ল বায়ুসেনার পণ্যবাহী বিমান, হত ৫

অসমে বায়ুসেনার AN-32 বিমান ভেঙে ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বায়ুসেনা। বিস্তারিত পড়ুন।

ভেঙে পড়ল বায়ুসেনার পণ্যবাহী বিমান, হত ৫
  • ১৩ জুন, ২০২৬ ২০:১৯
Prefer us on Google

গুয়াহাটি: অসমে ফের দুর্ঘটনার শিকার ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই অগ্নিবীর সহ পাঁচ বায়ুসেনা কর্মী। শনিবার সকালে অরুণাচল প্রদেশ থেকে জোরহাটে রৌরিয়া বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় ভেঙে পড়ে অ্যান্টোনভ এএন-৩২ মডেলের পণ্যবাহী বিমানটি। মাটিতে আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়। বায়ুসেনা পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আরও কয়েকজন আহত বলে আশঙ্কা। মৃতদের নাম স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমাওয়াত এবং দানিশ আলম। বায়ুসেনার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এদিন সকাল দশটা নাগাদ রুটিন মহড়ার সময় এএন-৩২ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করছে বায়ুসেনা। তদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বাহিনী। শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিহতদের দেশের প্রতি সর্বোচ্চ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।  ভারতীয় বায়ুসেনায় দুই ইঞ্জিন বিশিষ্ট অ্যান্টোনভ এএন-৩২ মডেলের পণ্যবাহী বিমানগুলি ‘ওয়ার্কহর্স’ বলে পরিচিত। দুর্গম এলাকায় জরুরি সামরিক সরঞ্জাম বা সেনাদের নিয়ে যাওয়ার কাছে এই বিমানগুলি ব্যবহার করা হয়। ভারতের পরিবেশের কথা মাথায় রেখে পূর্বতন সোভিয়েত ইউনিয়নে এই বিমান তৈরি হয়। উঁচু পাহাড়ি এলাকা হোক বা প্রবল গরম—সর্বত্রই সমান দক্ষতায় কাজ করতে পারে। সাড়ে সাত টন সামগ্রী, ৫০ জন যাত্রী বা ৪২ জন প্যারাট্রুপারকে বহন করতে সক্ষম। বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে প্রায় একশোটি এএন-৩২ বিমান ব্যবহার আছে। তবে, ১৯৮৬ সাল থেকে ২২ বার দুর্ঘটনার শিকার হয়েছে এই বিমান। গত বছরও একই মডেলের একটি বিমান ভেঙে পড়েছিল। দুর্ঘটনার পর রৌরিয়া বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমি শুধু বিমানের পিছনের অংশ দেখতে পাই। সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল। ওই দৃশ্য দেখে পালাতে যাই। সেই সময়ই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা কেঁপে ওঠে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ