Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

এইমস কল্যাণী: চোখের অশ্রুথলিতে ক্যানসার, অস্ত্রোপচারে সাফল্য

অশ্রুথলির বিরল ও জটিল ক্যানসারে আক্রান্ত রোগীর সফল অস্ত্রোপচার হল কল্যাণীর এইমসে। বৃহস্পতিবার হাসপাতালের চোখ, ইএনটি এবং প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকদের যৌথ উদ্যোগে প্রায় সাড়ে ছ’ঘণ্টা ধরে এই জটিল অস্ত্রোপচার করা হয়।

এইমস কল্যাণী: চোখের অশ্রুথলিতে ক্যানসার, অস্ত্রোপচারে সাফল্য
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: অশ্রুথলির বিরল ও জটিল ক্যানসারে আক্রান্ত রোগীর সফল অস্ত্রোপচার হল কল্যাণীর এইমসে। বৃহস্পতিবার হাসপাতালের চোখ, ইএনটি এবং প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকদের যৌথ উদ্যোগে প্রায় সাড়ে ছ’ঘণ্টা ধরে এই জটিল অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হুগলির রামনগরের বাসিন্দা ৬২ বছর বয়সি সুশান্ত বাগের চোখের অশ্রুথলিতে ক্যানসার ধরা পড়েছিল। সেটি স্টেজ থ্রি পর্যায়ে পৌঁছেছিল। ফলে  চোখের আশপাশের অংশ ক্ষতিগ্ৰস্ত হয়েছিল। অশ্রুথলিতে ছড়িয়ে পড়া অ্যাডেনোকারসিনোমায় আক্রান্ত হয়ে ওই রোগী এইমস কল্যাণীতে ভরতি হন। রোগীর ক্যানসারের বিস্তারের কথা বিবেচনা করে চিকিৎসকরা তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

Advertisement

তাঁর ডান চোখ সম্পূর্ণ বাদ দেওয়ার পাশাপাশি ডানদিকের উপরের চোয়ালের একটি অংশও অপসারণ করা হয়। এরপর মাথার পাশের টেম্পোরালিস মাসকেল বা কপালের পাশের পেশি দিয়ে মাসকেল ফ্লপ তৈরি করে বাদ যাওয়া অংশটি পুনর্গঠন করা হয়। এই অস্ত্রোপচারে এইমস কল্যাণীর চক্ষু বিভাগের ডাঃ কৌশিক সাধুখাঁ, ইএনটি ডাঃ মৈনাক দত্ত, প্লাস্টিক সার্জারি চিকিৎসক অখিলেশ সহ আরও কয়েকজন চিকিৎসকের একটি যৌথ দল অংশ নেয়। অস্ত্রোপচারের পর বর্তমানে রোগীকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, চোখের অশ্রুথলির এই ধরনের ক্যানসার বিরল এবং এর চিকিৎসায় একাধিক বিভাগের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় এইমস কল্যাণীর চিকিৎসা পরিষেবায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য যুক্ত হল। ডাঃ কৌশিক সাধুখাঁ বলেন, এই ধরনের অস্ত্রোপচার গোটা বিশ্বেই বিরল। আমাদের রাজ্যে প্রথম এই ধরনের জটিল অস্ত্রোপচার হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ