নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সর্বভারতীয় ফুটবল সংস্থায় নির্বাচনের দামামা বেজে গেল। আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন। রবিবার কলকাতায় এআইএফএফের স্পেশাল এসজিএমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। হরিয়ানার প্রাক্তন নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা যাবতীয় বিষয় দেখভাল করবেন। বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি নতুন সংবিধান অনুযায়ী রাজ্য ফুটবল সংস্থাতেও নির্বাচনের পারদ চড়ছে। নভেম্বরের প্রথম সপ্তাহে আইএফএতে নির্বাচন হতে চলেছে।
এদিকে, শনিবার যুবভারতীতে ব্রাজিল বনাম ভারত ম্যাচের পরও মেগা বিতর্ক অব্যাহত। ম্যাচ আয়োজনে ফেডারেশনের কাঁধে আর্থিক দায়ভার চাপবে না তো? এই প্রশ্নে রীতিমতো উত্তেজনা তৈরি হয়। পাশাপাশি, ফেডারেশনের নিয়ম অনুযায়ী কোনো খাতে ৫ কোটি টাকার বেশি খরচ করতে গেলে জেনারেল বডিতে তা অনুমোদন করাতে হয়। ফিনান্স কমিটির সম্মতিও দরকার। অনেকেরই অভিযোগ, ম্যাচ আয়োজনে কোনো নিয়মই মানেনি সংস্থা। ম্যাচের আগে আইএফএফ অনুমোদিত ক্লাবগুলিকে টিকিট দেওয়ার কথা বলা হলেও আদতে তা হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্নও তোলেন বঙ্গ ফুটবল সংস্থার সচিব। এমন আবহে রবিবারও ফেডারেশনের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। তাঁর অভিযোগ, ভারতীয় ফুটবল টাকার অভাবে শুকোচ্ছে। অধিকাংশ ক্লাবে নেই স্পনসর। পরিকাঠামো তলানিতে। এমন কঠিন সময়ে ব্রাজিল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত স্রেফ সার্কাসই। বাইচুংয়ের কথায়, ‘দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির বদলে গিমিকের রাস্তায় হাঁটছে ফেডারেশন। এভাবে ফুটবলের উন্নতি হয় না।’ এবিষয়ে ফেডারেশন সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।