Bartaman Logo
১২ জুন, ২০২৬

মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে বেসুরো এআইএডিএমকের বিদ্রোহীদের

মুখ্যমন্ত্রী বিজয়ের টিভিকে জোট সরকারে মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে মুখ পুড়েছে এআইএডিএমকের বিদ্রোহী শিবিরের।

মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে বেসুরো এআইএডিএমকের বিদ্রোহীদের
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: পার্টিলাইন ভেঙে আস্থাভোটে সমর্থন। তবু ভাগ্যে শিকে ছেঁড়েনি। মুখ্যমন্ত্রী বিজয়ের টিভিকে জোট সরকারে মন্ত্রিসভায় ঠাঁই না পেয়ে মুখ পুড়েছে এআইএডিএমকের বিদ্রোহী শিবিরের। বিড়ম্বনার মুখে এবার সুর নরম এই বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম নেতা এস পি বেণুমণির কণ্ঠে। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, এআইএডিএমকে ভাঙার কোনো উদ্দেশ্য আমাদের নেই। দলের অন্দরে ভাঙনের জল্পনাও খারিজ করে এই প্রবীণ নেতার দাবি, বিধানসভা ভোটে পরাজয়ের কারণ নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতান্তর হয়েছিল মাত্র। সাধারণ সম্পাদক ই পালানিস্বামী এখনও আমাদের নেতা। আমরা শুধু চাই, ভরাডুবির কারণ নিয়ে আলোচনার জন্য দলের জেনারেল কাউন্সিলের মিটিং ডাকুন তিনি।

Advertisement

এদিন বেণুমণির সাফাই, দলের বিদ্রোহী গোষ্ঠীর তরফে মন্ত্রিসভায় স্থান পাওয়ার জন্য কখনওই মুখ্যমন্ত্রী বিজয়ের কাছে তদবির করা হয়নি। ভাবমূর্তি নষ্টের লক্ষ্যে মিথ্যা প্রচার চালানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, বেণুমণি এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদ্রোহী গোষ্ঠীর আরেক নেতা সি ভি শানমুগামের দেখা মেলেনি। যদিও বেণুমণির সঙ্গে তিনিও একযোগে এআইএডিএমকের নেতৃত্ব থেকে পালানিস্বামীকে সরে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন। 
এআইএডিএমকের ৪৭ বিধায়কের মধ্যে বিদ্রোহী শিবিরের যে ২৫ জন পার্টিলাইন ভেঙে আস্থাভোটে মুখ্যমন্ত্রী টিভিকে-কে সমর্থন জানিয়েছিলেন, সেই দলে বেণুমণি ও শানমুগান দু’জনেই ছিলেন। তবে বিজয় মন্ত্রিসভায় জায়গা না পেয়ে বেণুমণি যেভাবে অবস্থান বদল করলেন, তাতে এআইএডিএমকে পরিষদীয় দলে ভাঙনের আশঙ্কা আপাতত দূর হল বলেই মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ