নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এআই নিয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং শিল্পক্ষেত্রে এর প্রয়োগ নিয়ে টিসিএস-এর সঙ্গে ‘মউ’ স্বাক্ষর করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর (আইআইইএসটি)। গত মঙ্গলবার আইআইইএসটিতে ‘মউ’ স্বাক্ষরের পাশাপাশি উদ্বোধন করা হয় এআই-এর ‘সেন্টার অব এক্সেলেন্স’। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাই-পারফরম্যান্স কম্পিউটিং ল্যাবে এই সেন্টারের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইএসটির ডিরেক্টর অধ্যাপক ভিএমএসআর মূর্তি, রিসার্চ ও কনসালটেন্সি বিভাগের ডিন অধ্যাপক প্রতীক দত্ত, অ্যাকাডেমিক্সের ডিন অধ্যাপক অরিন্দম বিশ্বাস এবং আইআইপিসির চেয়ারপার্সন অধ্যাপক কণিকা দাস ভট্টাচার্য। টিসিএসের তরফে ছিলেন সৌভিক দাস, আনন্দ সিং, অনুপম চক্রবর্তী এবং তাপস লাহা। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, সহযোগী ডিন এবং শিক্ষকরা। প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, ‘ডিজিটাল ইন্ডিয়া’ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য সামনে রেখে এই সেন্টার তৈরি করা হয়েছে। এর মাধ্যমে পঠনপাঠনের সঙ্গে শিল্পক্ষেত্রের কাজের যোগসূত্র তৈরি হবে। টিসিএস নলেজ পার্টনার হিসাবে পাঠ্যক্রমকে আধুনিক শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সাহায্য করবে। পাশাপাশি, টেকনিক্যাল চ্যালেঞ্জ, স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি আয়োজন, ইন্ডাস্ট্রিয়াল টুলস ও বেস্ট প্র্যাকটিস সম্পর্কে প্রশিক্ষণ এবং পড়ুয়াদের স্টার্টআপে ইন্ডাস্ট্রি মেন্টরশিপ দেবে তারা। আঞ্চলিক শিল্পের বিভিন্ন সমস্যার জন্য এআই-ভিত্তিক সমাধান এবং ডিপ-টেক স্টার্টআপ গড়ে তুলতেও কাজ করবে এই কেন্দ্র।