নিউ টাউনের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে সোপানা ব্র্যান্ড-লিভিং ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সূচিত হল ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ইউথ ইকোনমি সিনার্জি সেন্টার’। অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবাকে কেন্দ্র করে তরুণদের কর্মসংস্থান ও স্বাধীন যুব অর্থনীতি গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ রবিন চক্রবর্তী স্বাস্থ্যক্ষেত্রে এআই প্রযুক্তির ভূমিকা তুলে ধরে বলেন, এই প্রযুক্তি কেবল চিকিৎসায় গতি আনবে না বরং যুবসমাজের জন্য স্বাস্থ্য-প্রযুক্তি ক্ষেত্রে নতুন স্বনির্ভরতার সুযোগ তৈরি করবে। তিনি এই এআই-ভিত্তিক স্বাস্থ্যসেবাকে জেলা স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান, যা প্রয়োজনে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে পিপিপি মডেলে প্রথম প্রকল্প হিসেবে জেলা পর্যায়ে চালু করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ মহিন্তা, অধ্যাপক সুমন চক্রবর্তী, ডঃ কে. এন. ব্যাস সহ আরও অনেকে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।



