নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া-আমতা রোডের দু’ধারে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে ওঠা বাজার, বেহাল নিকাশি এবং দিনভর তীব্র যানজটে কার্যত নাজেহাল হয়ে পড়েছেন বাঁকড়ার লক্ষাধিক বাসিন্দা। সকাল থেকে রাত পর্যন্ত টোটো, অটো, বাইক, বাস ও লরির ভিড়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা প্রায় অচল হয়ে থাকে। তার উপর বিভিন্ন আবাসন ও বাজারের নোংরা জল বুজে যাওয়া নালায় এসে জমা হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ফলে নিকাশি ও যানজট সমস্যার স্থায়ী সমাধানই এবারের নির্বাচনে বাঁকড়ার বাসিন্দাদের অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে।
হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তা হাওড়া-আমতা রোডের পাশেই গড়ে উঠেছে বাঁকড়া বাজার। সময়ের সঙ্গে বাজারের পরিধি এতটাই বেড়েছে যে, প্রশস্ত রাস্তা এখন কার্যত গলির চেহারা নিয়েছে। বিশেষ করে অফিস টাইমে দোতলা মোড় থেকে কবরপাড়া পর্যন্ত প্রায় দু’কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট লেগেই থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের নিকাশি সমস্যা। স্থানীয়দের অভিযোগ, এক বা দু’বছর নয়, প্রায় এক দশক ধরে একই চিত্র চলছে। আশপাশের আবাসন ও মার্কেট কমপ্লেক্সগুলির নোংরা জল পাইপলাইনের মাধ্যমে এসে মিশছে বুজে থাকা নালায়, যার সঙ্গে যুক্ত হচ্ছে বাজারের আবর্জনা, সবজির খোসা, মাছের আঁশ ও মাংসের বর্জ্য। ফলে সামান্য বৃষ্টি হলেই জল জমে রাস্তা কার্যত অচল হয়ে পড়ে। বাঁকড়া বাজারের ব্যবসায়ী জামাল হোসেন বলেন, ‘রাস্তার তুলনায় নর্দমা উঁচু হওয়ায় জল নামতে পারে না। বহুদিন ধরে এই সমস্যা রয়েছে।’ আরেক ব্যবসায়ী মহম্মদ শফিকের কথায়, ‘বর্ষাকালে হাঁটু সমান জল জমে যায়। তখন ফুটপাতের ব্যবসায়ীদের দোকান কার্যত বন্ধ রাখতে হয়।’
এই পরিস্থিতিতে বাঁকড়া ১, ২ ও ৩ নম্বর পঞ্চায়েত এলাকার লক্ষাধিক বাসিন্দা নির্বাচনি আবহে তাঁদের দাবি জোরালো করছেন। স্থানীয়দের এই সমস্যাকে গুরুত্ব দিয়ে তৃণমূল প্রার্থী তাপস মাইতি ইতিমধ্যেই একাধিকবার এই এলাকা পরিদর্শন করে বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘বাঁকড়া এলাকা কাপড়ের বড়ো বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। কিন্তু পরিকাঠামো সেই হারে উন্নত হয়নি। এখানে রাস্তা ও নিকাশি ব্যবস্থার সম্পূর্ণ সংস্কার করা হবে। ডোমজুড়ের জন্য আলাদা গারবেজ ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলা হবে, যাতে বাজারের আবর্জনা আর খোলা নালায় না পড়ে। রাস্তা সম্প্রসারণের ব্যাপারেও প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।’
তৃণমূলের তরফে এ ব্যাপারে আশ্বাস দেওয়া হলেও অন্যান্য রাজনৈতিক দল এ নিয়ে মুখ খোলেনি। ফলে বাসিন্দারা বিরোধী দলগুলির উপর ভরসা রাখতে পারছেন না। বাসিন্দাদের একাংশের প্রত্যাশা এখন মূলত তৃণমূল প্রার্থীকে ঘিরেই। ফলে নিকাশি ও যানজট— এই দুই ইস্যুই এবার বাঁকড়ায় নির্বাচনের অন্যতম প্রধান নির্ধারক হয়ে উঠছে।