নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় সার বিক্রি হচ্ছে ভাঙড়ের বহু দোকানে। এমনই অভিযোগ উঠেছিল। তা খতিয়ে দেখতে শনিবার আচমকা রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল হানা দেন বিভিন্ন বাজারে। প্রথমে তিনি ঘটকপুকুর বাজারে একটি সারের দোকান পরিদর্শন করেন। পরে ভাঙড় ১ ব্লক অফিসে পৌঁছে বিডিও, ব্লক কৃষি আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করেন।
বৈঠক শেষে ফেরার পথে সোনারপুর রোডের পাশে অবস্থিত চন্দনেশ্বর বাজারে আরও একটি সারের দোকানে ঢুকে পড়েন মন্ত্রী। সেখানে ইউরিয়া, সহ বিভিন্ন সারের দাম জানতে চান তিনি।
অভিযোগ, নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হন মন্ত্রী। তিনি ব্লক কৃষি আধিকারিক এবং চন্দনেশ্বর থানার ওসিকে ঘটনাস্থলে ডেকে পাঠান। সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দামে সার বিক্রির একাধিক অভিযোগ পাচ্ছিলাম। সেই কারণেই বিভিন্ন বাজারে হঠাৎ পরিদর্শন করা হচ্ছে। কৃষকদের স্বার্থবিরোধী কিছু বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।