নয়াদিল্লি: শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সামনে পেশ হতে পারে প্রজেক্ট ৭৫(আই) সাবমেরিন প্রকল্পের প্রস্তাব। প্রকল্পের অধীনে ছ’টি অত্যাধুনিক সাবমেরিন পাবে ভারতীয় নৌসেনা। জার্মান সংস্থা থাইসেনক্রাপ মেরিন সিস্টেমসের সঙ্গে যৌথভাবে সেগুলি তৈরি করবে মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (এমডিএল)। খরচ পড়বে প্রায় ৭০ হাজার কোটি টাকা। সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। বহু প্রতীক্ষিত এই চুক্তি নিয়ে কয়েক বছর ধরে আলোচনা চলছে। খরচ, প্রযুক্তি সহ বিভিন্ন কারণে বারবার তা মাঝপথে আটকে গিয়েছে। আসন্ন বৈঠকে কমিটির চূড়ান্ত অনুমোদন পেলে শেষমেশ বাস্তবায়িত হবে এই চুক্তি। সূত্রের খবর, প্রতিটি সাবমেরিনে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তি থাকতে পারে। এর জেরে অন্যান্য সাবমেরিনের তুলনায় সেগুলি বেশিক্ষণ জলের তলায় থাকতে পারবে। এর সঙ্গে থাকছে অত্যাধুনিক সেন্সর, টর্পেডো, ক্ষেপণাস্ত্র সহ একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে আরও বেশি দক্ষতার সঙ্গে শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখতে পারবে নৌসেনা। সম্প্রতি ভারত মহাসাগরে সাবমেরিনের উপস্থিতি বাড়িয়েছে চীন। অন্যদিকে, ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে সাবমেরিনের ঘাটতি রয়েছে। এহেন পরিস্থিতিতে ছ’টি সাবমেরিন হাতে পেলে আরও শক্তিশালী হবে নৌসেনা।



