Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলকে এবার স্মার্ট সিটি গড়াই অগ্নিপরীক্ষা অগ্নিমিত্রার

আসানসোলের মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা করেছেন। শহরের উন্নয়নের জন্য তাঁর উদ্যোগ ও প্রতিশ্রুতি নিয়ে বিস্তারিত পড়ুন।

আসানসোলকে এবার স্মার্ট সিটি গড়াই অগ্নিপরীক্ষা অগ্নিমিত্রার
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলের ‘ঘরের মেয়ে’ অগ্নিমিত্রা পাল। ইস্কোর হাসপাতালের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ অশোক রায়ের মেয়ে ভোট প্রচারে নিজেকে এই নামেই তুলে ধরেছেন। নির্বাচনি প্রচারে তাঁর ‘পাড়ায় পাড়ায় দিদিভাই’ কর্মসূচিও হিট হয়েছে। তিনি যেখানেই গিয়েছেন, একরাশ প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষও তাঁর কথায় বিশ্বাস রেখেছেন। বিপুল ভোটে জয়লাভের পর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রীত্ব পেয়েছেন। এরপর শহরবাসীর তাঁর উপর প্রত্যাশা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাঁর বাড়ির সামনে মানুষ ভিড় করছে। বন্ধ কারখানায় তিনি শিল্প আনবেন, আধুনিক হাসপাতাল গড়বেন, আসানসোলকে স্মার্টসিটি করা সহ একাধিক চাহিদা পূরণ করাই এখন অগ্নিপরীক্ষা অগ্নিমিত্রার। আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে ৪০ হাজারেরও বেশি ভোটে জিতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হয়েছেন অগ্নিমিত্রা। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই জনগণের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। সাত বছর রাজনীতি করেই সাফল্যের শীর্ষে পৌঁছানো অগ্নিমিত্রা উপলব্ধি করছেন, বঞ্চিত শহরের বাসিন্দাদের স্বপ্ন পূরণ না করতে পারলে এই ভালবাসা কমতে বেশি সময় লাগবে না। খনি ও শিল্প কেন্দ্রিক শহর হলেও শহরের যুবকদের কর্মসংস্থানের অভাব সবচেয়ে বড়ো সমস্যা। সেই সমস্যা মেটাতেই বন্ধ কারখানাগুলিতে বিনিয়োগ আনতে তৎপর হয়েছেন অগ্নিমিত্রা। সম্প্রতি রাজ্য বাজেটে দুর্গাপুরে সেমি কন্ডাক্টর শিল্প তৈরির ঘোষণা করেছে রাজ্য। মেট্রো পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিকেল ক঩লেজ গড়ার কথা ঘোষণা করা হয়েছে। ফুটপাত, রাস্তা জবরদখল উচ্ছেদও শুরু হয়েছে। তবে, আসানসোলের মতো রাজ্যের অন্যতম বৃহৎ কর্পোরেশনের বাসিন্দা হয়েও পর্যাপ্ত পানীয় জল পান না বাসিন্দারা। অগ্নিমিত্রা বলেন, উত্তরবঙ্গে চারটি স্মার্ট সিটি হচ্ছে। আমার ইচ্ছে আসানসোলকেও স্মর্টসিটি হিসাবে গড়ার। বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প, হাসপাতাল আমার প্রাথমিক লক্ষ্য। জল সংকট মেটাতেও তৎপর হব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ