সুতপা গুহ, আগরতলা: দেবীপক্ষের সূচনার সঙ্গেই ঢাকে পড়েছে কাঠি। বাঙালির প্রাণের উৎসব ঘিরে জোরকদমে প্রস্তুতি চলছে। মণ্ডপে মণ্ডপে এখন শেষ মুহূর্তের সাজসজ্জা। প্রতিমায় শেষ তুলির টান। থিমের চমক থেকে সাবেকিয়ানার ঐতিহ্যবাহী পথ ধরে দর্শকদের মন জয়ে তৈরি একাধিক বিগ বাজেট থেকে পাড়ার বারোয়ারি পুজো কমিটিগুলি। হাতে আর বেশি সময় নেই, তাই দিন-রাত এক করে চলছে প্রস্তুতি।
স্থানীয়দের দাবি, উৎসবের আবহে কলকাতার পরেই জাঁকজমক ও থিমের চমকে নজর কাড়ে ত্রিপুরার রাজধানী আগরতলা। রাজ্যের নানা প্রান্তে দুর্গাপুজোর আয়োজন হলেও থিমের অভিনবত্ব, চোখধাঁধানো মণ্ডপ ও আলোকসজ্জার টানে প্রতি বছর দর্শনার্থীদের ঢল নামে আগরতলার মণ্ডপগুলিতে। সেই তালিকায় উপরের দিকেই রয়েছে কুঞ্জবন স্পোর্টিং ক্লাব। এবছর তাদের থিম ‘কাঁচের মায়াজাল’। মূলত ফেলে দেওয়া সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে এবারের মণ্ডপ। শিলিগুড়ির শিল্পী তাপস পালের ভাবনার সূত্র ধরে। শিল্পীর কথায়, ‘প্রায় ২০-২৫ হাজার কাচের বোতল ভেঙে টুকরো কাচ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। তাছাড়াও ফেলে দেওয়া ওষুধের শিশি-বোতলও ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দিয়ে একটাই বার্তা দিতে চাই যে, ফেলে দেওয়া বা ভেঙে যাওয়া জিনিস দিয়েও নতুন কিছু তৈরি করা যায়। নতুন করে স্বপ্ন দেখা যায়। জীবনের কোনো দিক অপূর্ণ থাকলে, তা আবার সাজানো যায়।’ প্রতিমার রূপদান করছেন বনগাঁর শিল্পী।
ভেলোরের শ্রীপুরম লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা। নবদ্বীপের শিল্পী সঞ্জীব দেবনাথের হাত ধরে। আলোকসজ্জায় রয়েছেন দিল্লির কারিগররা। মূলত বাঁশ, কাঠ থার্মোকল, প্লাইউড দিয়ে তৈরি প্যান্ডেল। উষাবাজারের ভারত রত্ন সংঘের এবারের থিম পুরাণকেন্দ্রিক। আরব সাগরের নীচে অবস্থিত শ্রীকৃষ্ণের দ্বারকা মন্দির। মণ্ডপ ও প্রতিমা তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা। তবে পুজোয় বিশেষ আকর্ষণ থ্রি-ডি আলোকসজ্জা। দর্শনার্থীদের নজর কাড়তে তৈরি রামনগরের সংহতি ক্লাব। এখানেও নবদ্বীপের শিল্পীদের হাতে তৈরি হচ্ছে প্রতিমা ও মণ্ডপ। বিগত বছরগুলির মতো এবারও হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের ছ’টি রাজ্যের পাশাপাশি শ্রীলংকা থেকে আসবেন শিল্পীরা।
মহিলা পরিচালিত রামনগরের মুক্তি সংঘের পুজো এবার ৭৮তম বর্ষে পড়েছে। থিম—সবুজায়ন। সাড়ে তিন হাজার গাছ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজো প্রাঙ্গণ। লক্ষ্য— সবুজায়নের গুরুত্ব তুলে ধরা। মণ্ডপসজ্জায় স্থানীয় শিল্পী মৃণ্ময় দেববর্মা। আগরতলায় এবার আস্ত দুবাই শহর নিয়ে হাজির রামঠাকুর সংঘ। নেতাজি প্লে ফোরাম এবার দর্শনার্থীদের একটুকরো রাজস্থান উপহার দিতে চলেছে। তাদের থিম, ‘রাজস্থানের রঙিন আঙিনায় মায়ের আগমনী’।



