শ্রীকান্ত পড়্যা, তমলুক: নন্দীগ্রাম উপ নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোট প্রচারের দায়িত্ব পেলেন পাঁশকুড়ার নেতা আফজল শা। বুধবার সকালে মহম্মদপুরে সংখ্যালঘু এলাকার কর্মীদের সঙ্গে বৈঠক করেন আফজল। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, মণ্ডল-১ এর সভাপতি ধনঞ্জয় ঘড়া প্রমুখ। নন্দীগ্রাম-১ ব্লকের মহম্মদপুর, কেন্দামারি-জালপাই, সামসাবাদ, দাউদপুর ও কালীচরণপুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে, সংখ্যালঘু এলাকার একচেটিয়া ভোট তৃণমূল কংগ্রেসের ইভিএমে জমা পড়েছে। এবার উপ নির্বাচনে সংখ্যালঘু ভোট টানতে বিজেপি পাঁশকুড়ার দাপুটে নেতা আফজলকে ময়দানে নামিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর বুধবার থেকেই নন্দীগ্রাম গিয়ে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছেন ওই নেতা। নন্দীগ্রাম-১ ব্লকের সংখ্যালঘু অধ্যুষিত পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ভোটাররা এবার কোন দিকে যাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। কারণ, ২০০৯ সালে নন্দীগ্রাম উপ নির্বাচনের সময় থেকেই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক তৃণমূলের পক্ষেই ছিল। ১৭ বছর পর পরিস্থিতি বদলে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে। এবার উপ নির্বাচনে লড়াইয়ে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। তাই বাম, কংগ্রেস, ঋত তৃণমূল, আইএসএফ এবং জাতীয় উন্নয়ন পার্টি প্রত্যেক দল সেই ভোট ব্যাঙ্কে থাবা বসাতে মরিয়া। বিজেপিও সংখ্যালঘু ভোট নিজেদের অনুকূলে আনতে আদাজল খেয়ে নেমেছে। সেই কাজে মুখ্যমন্ত্র শুভেন্দু অধিকারীর নির্দেশ পেয়ে ময়দানে নেমে পড়েছেন আফজল শা।



