সংবাদদাতা, কাঁথি: মহালয়ার পর থেকেই শারদোৎসবের আমেজে মেতেছে কাঁথি শহর। আলোয় ছটায় রঙিন, বর্ণময় এবং উজ্জ্বল হয়ে উঠেছে শহর। আলো আর আয়োজনের বহর, তারকা সমাবেশের সৌজন্যে অন্যান্য বারের তুলনায় এবছর একেবারে অন্য চোখে ধরা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শহর কাঁথি। সোমবার রাতে দ্বিতীয়ার পুণ্যলগ্নে শহরের প্রভাতকুমার কলেজমোড়ে নান্দনিক ক্লাবের পুজোমণ্ডপ উদ্বোধন করেন টলিউড তারকা জিৎ। মেগা এই উদ্বোধনী অনুষ্ঠানে জিতের আগমন ঘিরে জনস্রোতে ভাসল কাঁথি। ওইদিন রাতে শহরের প্রত্যয়ী, সুপারস্টার ও মহিলা পরিচালিত দুর্গা পরিবার ক্লাবেরও পুজোর উদ্বোধন হয়। জিৎকে দেখার জন্য নান্দনিক ক্লাবের পুজোমণ্ডপ প্রাঙ্গণে অনুরাগীদের ভিড় উপচে পড়ে। সাধারণ মানুষের বিপুল উৎসাহে কোথাও তিলধারণের জায়গা ছিল না।
অনুষ্ঠানে কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, সেচমন্ত্রী অরূপ দাস, ক্লাবের সম্পাদক, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী সহ অনেকেই উপস্থিত ছিলেন। রবিবার কাঁথির চৌরঙ্গি রিক্রিয়েশন ক্লাবের পুজোমণ্ডপ উদ্বোধন করেন সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ। তাঁর হাত ধরে শহরের উৎসবের আমেজের সূচনা হয়েছিল। সেখানেও প্রসেনজিৎকে দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে রবিবারের ভিড়কে ছাপিয়ে যায় সোমবার। জনপ্রিয় তারকা জিৎকে এক ঝলক দেখার আশায় আক্ষরিক অর্থে জনসমুদ্রে পরিণত হয় কাঁথি শহর। ক্যানেলপাড় থেকে নান্দনিক ক্লাবের পুজোমণ্ডপ হয়ে সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত শুধু ছিল কালো মাথার সারি। সব মিলিয়ে উৎসবের শুরুতেই জোড়া সুপারস্টারের উপস্থিতিতে শহরজুড়ে যে বিপুল উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে, তা পুজোর উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার তৃতীয়ায় কাঁথি শহরে ওয়েলফেয়ার ক্লাব সহ কয়েকটি ক্লাবের পুজোমণ্ডপের উদ্বোধন হয়। রবিবারই কাঁথির বিগ বাজেটের ইউথগিল্ড ক্লাবের পুজোমণ্ডপের উদ্বোধন হয়েছে।
মহালয়া থেকেই আলোর রোশনাইয়ে ভাসছে কাঁথি শহর। ওইদিন থেকে শহরের বিগ বাজেটের দুর্গাপুজো কমিটিগুলি সংলগ্ন রাস্তাঘাট বাহারি আলোয় সাজিয়ে তুলেছে। শহরের ব্যস্ততম রাস্তা পোস্টঅফিস মোড়ের সামনে থেকে কাঁথি থানার উল্টোদিকের রাস্তায় সুদৃশ্য তোরণ বানানো হয়েছে। নান্দনিক ক্লাবের মণ্ডপ প্রাঙ্গণ যেমন আলোকমালায় সেজেছে, তেমনই পুজো উপলক্ষ্যে কয়েকদিন আগে থেকেই মেলা বসে গিয়েছে। এবার কাঁথির একাধিক পুজোয় জাঁকজমকে বদল এসেছে। বরাবর এই শহরের কয়েকটি পুজো জেলা ছাড়িয়ে মহানগরীর পুজোর সঙ্গে টক্কর দেয়। এবার পুজোয় যেন বাড়তি চমক নিয়ে হাজির হয়েছে পুজো কমিটিগুলি। একের পর এক বড় পুজোগুলিতে সিনেমার পর্দার তারকা অভিনেতাদের আগমন ঘটছে। উদ্বোধনী অনুষ্ঠানগুলিতে আরও কয়েকজন তারকা উপস্থিত হবেন বলে পুজো কমিটিগুলি সূত্রে জানা গিয়েছে। পুজোর সময় একাধিক মণ্ডপে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। কাঁথির বাসিন্দা বিশ্বজিৎ মাইতি বলছেন, এবার শহরেরই ছেলে মুখ্যমন্ত্রী। তাই কাঁথিতে দুর্গাপুজো আড়ম্বরপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। শুরুতেই আলোকসজ্জা আর তারকা সমাবেশ সেটাই জানান দিচ্ছে।



