Bartaman Logo
৩০ মে, ২০২৬

আমেরিকা, কানাডার পর এবার কি ব্রিটেন? মাত্র ২ মাসে ৩১টি ইমার্জেন্সি সার্টিফিকেট জারি!

প্রথম বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ঘটনা অব্যাহত। আমেরিকা, কানাডার পর এবার ব্রিটেনে থাকা ভারতীয়দের দুরবস্থা

আমেরিকা, কানাডার পর এবার কি ব্রিটেন? মাত্র ২ মাসে ৩১টি ইমার্জেন্সি সার্টিফিকেট জারি!
  • ১৫ মার্চ, ২০২৫ ০৪:০০

বিশ্বজিৎ দাস,  কলকাতা: প্রথম বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ঘটনা অব্যাহত। আমেরিকা, কানাডার পর এবার ব্রিটেনে থাকা ভারতীয়দের দুরবস্থা সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য জানা গেল তথ্য জানার অধিকার আইনে। সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট (ইউডিএফ)-এর সর্বভারতীয় সভাপতি ডাঃ লক্ষ্য মিত্তল ব্রিটেননিবাসী ভারতীয়দের সম্পর্কে বেশ কিছু তথ্য‌ জানতে চেয়েছিলেন লন্ডনস্থিত ভারতীয় হাই কমিশন অফিস থেকে। তাদের উত্তর অর্থ, চাকরি, গ্ল্যামার, বিদেশে বাস করার ইচ্ছাসহ নানা কারণে প্রথম বিশ্বের দেশে যাওয়া ভারতীয়দের বর্তমান অবস্থার আভাস দিল।

Advertisement

ডাঃ মিত্তলের আরটিআই-এর উত্তরে ভারতীয় হাই কমিশন অফিস (লন্ডন) জানিয়েছে, ৩০৭ জন ভারতীয় রয়েছেন ব্রিটেনের বিভিন্ন জেলে (১৩ জানুয়ারি ২৫ পর্যন্ত)। শুধু তাই নয়, কতজন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে, কতজনের জন্য ইমার্জেন্সি সার্টিফিকেট ইস্যু হয়েছে এইসব তথ্যও জানতে চাওয়া হয়েছিল। উত্তরে ভারতীয় হাই কমিশন অফিস (লন্ডন) জানিয়েছে, ২০২৪ সালে ৭৬ জন ভারতীয়ের জন্য ইমার্জেন্সি সার্টিফিকেট জারি হয়েছে। সেখানে শুধুমাত্র ২০২৫ সালে প্রথম দু’মাসের মধ্যেই জারি হয়েছে ৩১টি ইমার্জেন্সি সার্টিফিকেট।

কতজনকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই তথ্য হাই কমিশন অফিস জানাতে না পারলেও এই কথা প্রায় দিনের আলোর মতোই স্পষ্ট যে ব্রিটেনের স্বরাস্ট্রদপ্তর ৭৬ জন ভারতীয়কে দেশে ফেরানোর জন্য ইমার্জেন্সি সার্টফিকেট জারি করতে অনুরোধ করেছিল ভারতীয় হাই কমিশন অফিসে।

কী এই ইমার্জেন্সি সার্টিফিকেট (ইসি)? বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্ট, ভিসার মতো জরুরি কাগজপত্রের মেয়দ শেষ হলে তাঁদের দেশে ফেরত পাঠাতে জরুরি সার্টিফিকেট ইস্যু করতে বলে হাই কমিশন। সেই সার্টিফিকেট তৈরি হলে ভিন দেশের ‘অবাঞ্ছিত’ নাগরিক দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ডাঃ মিত্তল বলেন, লন্ডনস্থিত ভারতীয় হাই কমিশনের উত্তর দেখে মনে হচ্ছে, সম্ভবত প্রচুর ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে অনুরোধ করব।

সম্পর্কিত সংবাদ