নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ধার করা চিকিৎসা সামগ্রী দিয়ে নিউরোসার্জারি চিকিৎসা শুরু হয়েছিল শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে। বিষয়টি জানাজানি হতেই সাহায্যের হাত বাড়িয়ে দিল চন্দননগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ওই সংগঠনের উদ্যোগে প্রায় ১৬ লক্ষ টাকার বিশেষ যন্ত্র তুলে দেওয়া হল শ্রমজীবী কর্তৃপক্ষের হাতে। সংস্থাটির কর্তা কুণাল সেন, বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে ওই হস্তান্তর পর্ব সম্পন্ন হয়। শ্রমজীবী হাসপাতালের পরিচালন সমিতির কর্তা গৌতম সরকার বলেন, ওই যন্ত্রটি ছাড়া নিউরোসার্জারি বিভাগ চালানো অসম্ভব ছিল। ইতিমধ্যেই আমরা নানা জনের সহায়তায় একাধিক অপারেশন সাফল্যের সঙ্গে করেছি। নাগরিকরা কম পয়সার উন্নত পরিবেষা পেয়েছেন। এবার তা আরও সহজ হবে।



