সংবাদদাতা, বর্ধমান: প্রায় সাড়ে সাত লক্ষ টাকা সহ এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল বর্ধমান জিআরপি পুলিশ। ধৃতের নাম নীলকমল মুখোপাধ্যায়। তার বাড়ি মেমারি থানার চাঁচাইয়ে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে অভিযুক্ত বর্ধমান স্টেশনের ২–৩ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল। তার পিঠে একটি ব্যাগ ছিল। সন্দেহ হওয়ায় আরপিএফ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। তল্লাশিতে ব্যাগ থেকে ৭ লক্ষ ৫৩ হাজার ৭৪০ টাকা উদ্ধার হয়। অভিযুক্ত দাবি করে, সে একটি লটারি সংস্থার কর্মী। লটারি ব্যবসার টাকা নিয়ে সে মেমারি যাচ্ছিল। যদিও এসংক্রান্ত কোনো নথি সে দেখাতে পারেনি বলে আরপিএফের দাবি। রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তারই মধ্যে হিসাব বহির্ভূত টাকা নিয়ে যাওয়ার অভিযোগ এনে ঘটনার বিষয়ে আরপিএফের বর্ধমান আউটপোস্টের সাব ইনসপেক্টর নবীনকুমার সিং জিআরপিতে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কেস রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে জিআরপি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। লটারি সংস্থার মালিক আদালতে হাজির হয়ে এফিডেভিট জমা দিয়ে জানান, ধৃত তাঁর সংস্থার কর্মী। লটারি ব্যবসার টাকা নিয়েই তিনি যাচ্ছিলেন। ব্যবসা সংক্রান্ত এবং আয়করের নথিপত্রও তিনি আদালতে পেশ করেন। সরকারি আইনজীবী এবং তদন্তকারী অফিসার অবশ্য জামিনের বিরোধিতা করেন। দু’-পক্ষের বক্তব্য শুনে ধৃতের শর্তাধীন জামিন মঞ্জুর করেছেন ভারপ্রাপ্ত সিজেএম। শর্ত অনুযায়ী, ১৯ মে মামলার পরবর্তী শুনানির দিনে অভিযুক্তকে অবশ্যই আদালতে হাজির থাকতে হবে।



