নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে পলিটেকনিক কলেজ এবং আইটিআইগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু করে দিল কারিগরি ভবন। ১০ জুন পর্যন্ত অনলাইনে (https://wbscvt.in) আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। গতবছর থেকেই অভিন্ন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে পলিটেকনিক এবং আইটিআইগুলির আসন পূরণ করছে রাজ্যের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদ। এবারও সেই পদ্ধতি। যে জেলায় সংশ্লিষ্ট পলিটেকনিক কলেজ এবং আইটিআই রয়েছে, সেই জেলার ছাত্রছাত্রীদের জন্য আসনের ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে। বাকি আসনে ওই জেলাসহ অন্য জেলার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবেন।



