Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১৮ তলা মার্কেটে দোকান উচ্ছেদ নিয়ে ‘পিছু হটতে’ চলেছে প্রশাসন

নিউটাউন ১৮ তলা মার্কেটের দোকান উচ্ছেদে এনকেডিএ পিছু হটছে। ৪০০ দোকানদারের ভবিষ্যৎ অনিশ্চিত। বিস্তারিত পড়ুন।

১৮ তলা মার্কেটে দোকান উচ্ছেদ নিয়ে ‘পিছু হটতে’ চলেছে প্রশাসন
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ৭ দিনের মধ্যে উঠে যাওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটি (এনকেডিএ)। তার ফলে প্রবল দুশ্চিন্তার মুখে পড়েছিলেন নিউটাউনের ১৮তলা মার্কেটের প্রায় ৪০০ দোকানদার। সূত্রের খবর, যেহেতু বহু পরিবার জড়িত তাই বিজ্ঞপ্তি দিলেও উচ্ছেদ ইস্যুতে ‘পিছু হটতে’ চলেছে প্রশাসন। কারণ বৃহস্পতিবার ৭দিনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তবে দোকান ভাঙা পড়েনি। জানা গিয়েছে, এখনই দোকান ভাঙতে চাইছে না প্রশাসন। আরও কয়েকমাস সময়সীমা বাড়ানো হতে পারে। পুজোর আগে সমাধান সূত্র বের করতে চাইছে প্রশাসন। ১৮ তলা আবাসনের নামেই ১৮তলা মার্কেটের নাম। বহু বছর ধরে ফুটপাতের দু’ধারে মুদি, মাছ-মাংস, সবজি, মিষ্টি, খাবার, হার্ডওয়্যার, স্কুল-কলেজের সামগ্রী সহ নানা ধরনের দোকান তৈরি হয়েছে। আবাসিকরা প্রতিদিন সেখানে বাজার করেন। সবমিলিয়ে দোকানের সংখ্যা প্রায় ৪০০। কর্মচারি মিলিয়ে বহু পরিবার যুক্ত। এনকেডিএ’র পক্ষ থেকে ২৫ জুন ওই মার্কেটের একাধিক দোকানে নোটিস সাঁটানো হয়। নোটিস জারির তারিখ থেকে ৭ দিনের মধ্যে উঠে যাওয়া বা ভেঙে ফেলার বিজ্ঞপ্তি দেওয়া হয় যাতে সরকারি জমি তাঁরা খালি অবস্থায় ফিরিয়ে দেন। অন্যথায় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করার বার্তা দেওয়া হয়। এনকেডিএ কর্তৃপক্ষ দোকান ভাঙতে হলে খরচ বহন করার কথাও জানায় ব্যবসাদারদের।

Advertisement

জানা গিয়েছে, ব্যবসায়ীরা এনকেডিএ’র দ্বারস্থ হয়েছিলেন। রাজারহাট-নিউটাউনের বিধায়কও বিষয়টি জানিয়েছেন। তারপর কিছুটা পিছু হটে প্রশাসন। কারণ ব্যবসায়ীরা জানিয়েছেন, আচমকা দোকান ভেঙে দিলে তাঁদের যাওয়ার জায়গা নেই। তাই পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারপর উচ্ছেদ। প্রসঙ্গত, এনিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হন নিউটাউনের বহু আবাসিক। তাঁদের কথায়, ওই এলাকাটি কোনো গুরুত্বপূর্ণ মূল রাস্তার ধারে নয়। তাও সরকার চাইলে পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করুক। কারণ দোকানদাররা সৎভাবে রোজগার করছেন। বেকার হলে তাঁরা যাবেন কোথায়? এক ব্যবসায়ী বলেন, আপাতত ভাঙছে না শুনলাম। পরে কী হবে জানি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ