Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

লাইসেন্স নবীকরণ না করায় নার্সিংহোম সিল করে দিল প্রশাসন

পুরুলিয়ার কেন্দা থানা এলাকায় দীর্ঘদিন লাইসেন্স নবীকরণ না করায় একটি নার্সিংহোম সিল করে দিল প্রশাসন।

লাইসেন্স নবীকরণ না করায় নার্সিংহোম সিল করে দিল প্রশাসন
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা,পুরুলিয়া ও মানবাজার: পুরুলিয়ার কেন্দা থানা এলাকায় দীর্ঘদিন লাইসেন্স নবীকরণ না করায় একটি নার্সিংহোম সিল করে দিল প্রশাসন। সেইসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনঅনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার পুঞ্চা ব্লকের কেন্দা থানার পিঁড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে মানভূম বিসিএম হাসপাতাল নামে নার্সিংহোম। এদিন ওই নার্সিংহোমে হানা দেয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা। সেখানে গিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন নথি খতিয়ে দেখেন আধিকারিকরা। নথিতে দেখা যায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই ওই নার্সিংহোমের ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট লাইসেন্স এর মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকেই কোনোরকম বৈধ নথি এবং অনুমোদন ছাড়ায় চলছিল ওই নার্সিংহোম। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানাগিয়েছে, মঙ্গলবার ওই নার্সিংহোম পরিদর্শন করেছিল পুঞ্চার বিএমওএইচ এবং কেন্দা থানার পুলিশ। নথি খতিয়ে দেখার পর ভর্তি থাকা রোগীদের স্থানান্তর করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল বলে দাবি প্রশাসনের। সেই সঙ্গে সমস্ত ভর্তি থাকা রোগীদের অন্যত্র স্থানান্তর বা ছুটি দেওয়ার নির্দেশও দেওয়া হয়। তারপরই এদিন ফের ওই নার্সিংহোমে হানা দেন বিএমওএইচ,পুলিশ সহ অনান্য আধিকারিকেরা। সেসময় ওই নার্সিংহোমের মালিক অহীন্দ্র জানাও সেখানে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতেই ওই নার্সিংহোম সিল করে দেওয়ার পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অর্ডার কপিও সেখানে লাগিয়ে দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এবিষয়ে এদিন অভিযানে উপস্থিত স্বাস্থ্য দপ্তরের আধিকারিক বলেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশেই এই নার্সিংহোম এদিন সিল করে দেওয়া হয়। সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ আবেদন করেছেন লাইসেন্স রিনিউ করার জন্য। কিন্তু এখনও অনুমোদন আসেনি। এদিন সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মানবিক কারণে ছাড় দেওয়া হয়েছিল। নার্সিংহোমে ভর্তি থাকা রোগীর আত্মীয় লক্ষ্মী সর্দার বলেন, মাকে গত শনিবার ভর্তি করেছিলাম। কেন বন্ধ হল নার্সিংহোম কিছুই জানিনা। এবিষয়ে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে জেলার অনান্য জায়গাতেই এধরনের অভিযান চলবে। স্বাস্থ্য পরিষেবার বিষয়ে কোনোরকম অনিয়ম মেনে নেওয়া হবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ