সংবাদদাতা, কাকদ্বীপ: পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখতে নির্মীয়মাণ পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন প্রশাসনের অফিসাররা। বুধবার দুপুর থেকে পুলিশ প্রশাসন, দমকল বিভাগ ও বিদ্যুৎ দপ্তরের অফিসাররা কাকদ্বীপ এলাকার বিভিন্ন পুজো মণ্ডপে যান। তাঁরা সেখানকার বর্তমান পরিস্থিতি, মণ্ডপের পরিকাঠামো সহ অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন। এক্ষেত্রে বেশ কয়েকটি পুজো কমিটিকে শক্ত কাঠ অথবা লোহার রড দিয়ে মণ্ডপের নীচের পাটাতন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বৈদ্যুতিক তারগুলিকে প্লাস্টিকের পাইপের মাধ্যমে ঢেকে দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানালেন সুন্দরবন পুলিশ জেলার সুপার বিশ্বচাঁদ ঠাকুর। এছাড়া এদিন মগরাহাট থানা সমন্বয় কমিটির উদ্যোগে একটি আবাসনে দুর্গাপুজো নিয়ে সর্বদলীয় এবং সর্ব ধর্মীয় বৈঠক হয়। নিজস্ব চিত্র



