Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি ব্লাড সেন্টারে রক্তের ঘাটতি মেটাতে নয়া উদ্যোগ নিচ্ছে প্রশাসন

সরকারি ব্লাড সেন্টারে রক্তের সংকট দূর করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দার্জিলিংয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা। কী বলছেন বিশেষজ্ঞরা?

সরকারি ব্লাড সেন্টারে রক্তের ঘাটতি মেটাতে নয়া উদ্যোগ নিচ্ছে প্রশাসন
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: সরকারি ব্লাড সেন্টারগুলিতে রক্তের সংকট দূর করতে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার দার্জিলিংয়ে জেলাশাসক হরিশংকর পানিক্করের নেতৃত্বে অনুষ্ঠিত জেলা স্বাস্থ্য পুনর্মূল্যায়ন বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

Advertisement

বৈঠক সূত্রে জানা গিয়েছে, সরকারি দপ্তর ও সরকারি কর্মচারী সংগঠনগুলির আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত সরকারি ব্লাড সেন্টারগুলিতে জমা দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হবে। জেলাশাসকের মাধ্যমে জেলার প্রতিটি সরকারি দপ্তরের কর্মীদের এ বিষয়ে জানানো হবে। 
জেলা স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রিজিওনাল ব্লাড সেন্টার সহ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালের ব্লাড সেন্টারে দীর্ঘদিন ধরেই রক্তের ঘাটতি রয়েছে। সেই সমস্যা কাটাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেলের রিজিওনাল ব্লাড সেন্টারের অধিকর্তা ডাঃ বিমল দাস প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি ব্লাড সেন্টারে রক্তের সংকট চলছে। অথচ সরকারি দপ্তর ও কর্মচারী সংগঠনগুলির আয়োজিত বহু রক্তদান শিবিরে সংগৃহীত রক্ত বেসরকারি ব্লাড সেন্টারে চলে যাচ্ছে। 
ডাঃ দাসের বক্তব্য, সরকারি ব্লাড সেন্টার থেকেই সাধারণ মানুষ বিনামূল্যে রক্ত পায়। পাশাপাশি বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসাধীন রোগীরাও প্রয়োজনীয় রক্তের জন্য সরকারি ব্লাড সেন্টারের উপর নির্ভরশীল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রতিদিন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, প্রসূতি মা এবং অস্ত্রোপচার সহ বিভিন্ন চিকিৎসার জন্য বিপুল পরিমাণ রক্তের প্রয়োজন হয়। রক্তের ঘাটতির কারণে অনেক সময় রোগীর পরিবারের কাছ থেকে একজন রক্তদাতা আনতে বলতে বাধ্য হতে হয়। তিনি আশা প্রকাশ করেন, সরকারি দপ্তর ও কর্মচারী সংগঠনগুলি যদি ভবিষ্যতে তাদের রক্তদান শিবিরের সংগৃহীত রক্ত সরকারি ব্লাড সেন্টারে দেয়, তাহলে বর্তমান সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ