Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্দেশিকার পরেও অনড় অধীর, ফের যোগদান কর্মসূচি মুর্শিদাবাদে

এবার কেন্দ্রীয় নেতৃত্বকেই পাল্টা চ্যালেঞ্জ অধীর চৌধূরীর। নিয়ম মেনে অন্য দল থেকে যোগদান করানোর বিষয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবুর মন্তব্য, প্রতিদিন যোগদান করাচ্ছি এবং এই যোগদান প্রক্রিয়া চলবে।

নির্দেশিকার পরেও অনড় অধীর, ফের যোগদান কর্মসূচি মুর্শিদাবাদে
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অভিষেক পাল, বহরমপুর: এবার কেন্দ্রীয় নেতৃত্বকেই পাল্টা চ্যালেঞ্জ অধীর চৌধূরীর। নিয়ম মেনে অন্য দল থেকে যোগদান করানোর বিষয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবুর মন্তব্য, প্রতিদিন যোগদান করাচ্ছি এবং এই যোগদান প্রক্রিয়া চলবে। বুধবারও তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ নেতা, কর্মীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন অধীরবাবু। 

Advertisement

বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতায় পালাবদল হতেই একদা কংগ্রেস ‘গড়’ হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় শক্তি বাড়াচ্ছে কংগ্রেস। প্রায় রোজই প্রাক্তন প্রদেশ  সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রচুর মানুষ। রীতিমতো রণং দেহি মেজাজে রয়েছেন অধীরবাবু। মঙ্গলবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীরবাবু এআইসিসি নিযুক্ত পশ্চিমবঙ্গের ইনচার্জ প্রকাশ জোশীর নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে সাফ জানান, কোনো নির্দেশিকা নেই। প্রতিদিন যোগদান করাচ্ছি এবং এই যোগদান প্রক্রিয়া চলবে। বুধবারও পঞ্চায়েত সদস্য সহ একাধিক তৃণমূলের নেতা, কর্মীরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস অফিসে গিয়ে যোগদান করেন। অধীরবাবু ও জেলা সভাপতি মনোজ চক্রবর্তী তাঁদের হাতে পতাকা তুলে দেন। 
এদিকে সামশেরগঞ্জে তৃণমূল নেতা, কর্মীদের যোগদান স্থগিত করে দেয় এআইসিসি। এই যোগদানের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া মানা হয়নি। তাই কেন্দ্র থেকে চিঠি দিয়ে এই যোগদান প্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর নিয়ম মেনে যোগদান করানোর কথা বলা হয়েছে। 
সেই চিঠিতেই বেশ কিছু নিয়ম মানার কথা বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য যেখানে প্রয়োজন, সেখানে অন্য রাজনৈতিক দলের কর্মী অথবা সমাজকর্মীদের কংগ্রেসে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে এই ধরনের ক্ষেত্রে কংগ্রেসে যোগদানের জন্য প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকা প্রথমে প্রদেশ কংগ্রেস কমিটির কাছে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু অধীরবাবু এদিন জানান, আগামী ২৯ অগস্ট মুর্শিদাবাদে একাধিক নেতা–কর্মীকে যোগদান করাবেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে দলের নিয়ম তাঁর অজানা নয় বলেও স্পষ্ট জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীরবাবু বলেন, কোন নেতা এল সেটা বড়ো নয়। আমরা সব সময় কর্মীদের গুরুত্ব দিচ্ছি। কত কর্মী আমাদের ডাকে আসছেন সেটাই দেখতে হবে। প্রতিটি ব্লক থেকে কর্মীরা আসছেন যোগ দিতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ