Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বোঝা’ ঝেড়ে ফেলে কংগ্রেসে আসুন, আপনার নেতৃত্বেই চলব, মমতাকে আহ্বান ‘কট্টর বিরোধী’ অধীরের

কট্টর মমতা বিরোধী হিসেবে পরিচিত অধীর চৌধুরীর গলায় এবার উল্টো সুর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফিরে আসার আহ্বান করলেন।

‘বোঝা’ ঝেড়ে ফেলে কংগ্রেসে আসুন, আপনার নেতৃত্বেই চলব, মমতাকে আহ্বান ‘কট্টর বিরোধী’ অধীরের
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: কট্টর মমতা বিরোধী হিসেবে পরিচিত অধীর চৌধুরীর গলায় এবার উল্টো সুর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে ফিরে আসার আহ্বান করলেন। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর বার্তা, অবশিষ্ট বিধায়ক ও সাংসদদের নিয়ে কংগ্রেসে ফিরে আসুন। অধীরের কথায়, ‘পশ্চিমবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিতে কংগ্রেস প্রস্তুত।’

Advertisement

প্রতিষ্ঠার পর এই প্রথম গভীর সাংগঠনিক সংকটের মোকাবিলা করছে তৃণমূল কংগ্রেস। ঠিক সেই সময়েই অধীরের তরফে এমন বার্তা। আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন। তার আগেই অধীরের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল দলের বিধায়ক ও সাংসদদের একাংশ বিদ্রোহ করেছেন। আপাতত তৃণমূল তিন টুকরো হয়ে গিয়েছে। মমতা সাময়িক ভাবে খুইয়েছেন তাঁর দলের নাম এবং প্রতীকও। দলের এই ভাঙনের প্রসঙ্গ উল্লেখ করে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে কোনো আলাদা সত্তার প্রয়োজন নেই। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূলে আর বিশেষ কিছু অবশিষ্টও নেই।’ 
প্রায় তিন দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। তারপর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি রাজ্যে ক্ষমতায় এসেছিলেন। টানা ১৫ বছরের নিরঙ্কুশ আধিপত্য শেষ হয়ে যায় এই বছরের বিধানসভা নির্বাচনে। এদিন অধীর বলেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাব, তিনি যেন তাঁর অবশিষ্ট বিধায়ক ও সাংসদদের নিয়ে কংগ্রেসে যোগ দেন। বাংলায় আমরা তাঁর নেতৃত্ব মেনে নেব এবং তাঁর সঙ্গেই কাজ করব।’
তিনি আরও বলেন, ‘যেহেতু তিনি কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটে শামিল হয়েছেন, তাই তাঁর উচিত সরাসরি দলে যোগ দেওয়া। বাংলায় আমরা কংগ্রেসে আপনার নেতৃত্বেই কাজ করব।’ লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা মমতাকে ‘নিজের বোঝা বা বাড়তি ভার’ পিছনে ফেলে কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানান। ‘বোঝা’ বলতে যে অধীর মমতার ভাইপো অভিষেকের দিকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট বলে মত জেলার রাজনৈতিক মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ