


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী কাল, শুক্রবারই প্রকাশ হতে চলেছে ‘বিচারাধীন’ তালিকায় থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা। কমিশন সূত্রে এমনটাই খবর। শুধু তাই নয়, প্রথম তালিকা প্রকাশের পর প্রতি সপ্তাহের শেষে একটি করে ‘নিষ্পত্তি তালিকা’ প্রকাশ করা হবে বলে স্থির হয়েছে। অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যত সংখ্যক ভোটারের নথি নিষ্পত্তি হয়ে যাবে, তাঁদের নাম সংযুক্ত হবে চূড়ান্ত লিস্টে।
কমিশন সূত্রে খবর, বুধবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মোট ২৩ লক্ষ ৩০ হাজার ‘বিচারাধীন’ ভোটারের নথি। মোট ৭১০ জন বিচারক এই কাজে নিযুক্ত রয়েছেন। কাজে গতি বেড়েছে দ্বিগুণ। এখন দিনে গড়ে প্রায় দু’লক্ষ করে আবেদনের নিষ্পত্তি হচ্ছে। প্রক্রিয়া এই গতিতে চললে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে যাচাই সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভোটের মনোনয়ন পর্বের মধ্যেই ৬০ লক্ষ ভোটারের যোগ-বিয়োগ শেষ হয়ে যাবে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, অতিরিক্ত তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফটওয়্যার প্রয়োজন। তা তৈরির কাজ প্রায় শেষ। ওই সফটওয়্যার কাজে লাগাতে আদালতের ছাড়পত্র নিতে হবে। তারপরই তালিকা প্রকাশ করে দেওয়া যাবে। জানা যাচ্ছে, যে অতিরিক্ত তালিকা প্রকাশ হবে সেখানে দু’টি ‘কলাম’ বা দু’টি ভাগে নাম প্রকাশ করা হবে। একটি কলামে থাকবে যোগ্য হিসাবে বিবেচিত ভোটারের নাম। অন্য কলামে ‘ডিলিটেড’ ভোটার। প্রতি সপ্তাহেই ভাগে ভাগে তালিকা প্রকাশ হবে বলেও জানা যাচ্ছে।
শুধু তালিকা প্রকাশই নয়, ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া নিয়ে রাজ্য ও কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। ঠিক হয়েছে, শীঘ্রই ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। এবং বাদ পড়া ভোটারের পাশাপাশি তালিকা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে ভোটাররা কীভাবে ট্রাইব্যুনালে আবেদন জানাবেন, তার উল্লেখও থাকতে পারে ওই বিজ্ঞপ্তিতে।
এদিকে, শুক্রবার তালিকা প্রকাশের আগে আজ, বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। উপস্থিত থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের নবনিযুক্ত ডিজি সহ রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। তালিকা প্রকাশের পর রাজ্যের সর্বত্র যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করতেই প্রধান বিচারপতি এই বৈঠক ডেকেছেন বলে খবর। এছাড়াও জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নাম ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল। কলকাতার শ্যামপুকুর কেন্দ্র থেকে তাঁকে ফের প্রার্থী করেছে তৃণমূল। তাঁর নাম যাতে আগে নিষ্পত্তি করা হয়, বিচারবিভাগীয় আধিকারিকদের কাছে তিনি সেই আবেদন জমা পড়েছিল। সিইও দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই মন্ত্রীর নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। প্রথম তালিকাতেই তা প্রকাশ পাবে।