নিউইয়র্ক ও নয়াদিল্লি: মার্কিন আদালতে বড়োসড়ো স্বস্তি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তাঁর ভাইপোর। তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও ঘুষের মামলা খারিজ করে দিল মার্কিন আদালত। সেইসঙ্গে যবনিকা পড়ল প্রায় দু’বছরের আইনি লড়াইয়ের। গৌতম আদানি, সাগর আদানি ও আদানি গ্রিনের প্রাক্তন সিইও বিনীত জৈনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে জাস্টিস ডিপার্টমেন্টের প্রস্তাব অনুমোদন করেছে নিউইয়র্কের জেলা আদালত। ওই প্রস্তাব নিয়ে সরকারি আইনজীবীদের কাছে অতিরিক্ত ব্যাখ্যা চেয়েছিলেন বিচারক নিকোলাস গারাউফিস। সেই ব্যাখ্যা জমা দেওয়ার পর সোমবার আদালত আবেদন মেনে নেয় এবং মামলা বাতিল করে। এরফলে মামলাটি চিরতরে বন্ধ হয়ে গেল। একই অভিযোগে নতুন করে আর কোনো মামলা করা যাবে না।
মামলার সূত্রপাত ২০২৪ সালে। সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারতে সরকারি আধিকারিকদের ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করা হয় গৌতম আদানি, সাগর আদানি ও বিনীত জৈনের বিরুদ্ধে। মার্কিন লগ্নিকারীদের কাছে ওই তথ্য গোপন রাখার অভিযোগও করা হয়। গোড়া থেকেই এই অভিযোগ অস্বীকার করে আদানি গোষ্ঠী। তারা সাফ জানায়, সমস্ত আইন ও বিধি মেনেই কোম্পানি কাজ করেছে। অবশেষে এই মামলা খারিজ হয়ে গেল মার্কিন আদালতে।
বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন গৌতম আদানি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন,‘ বিনম্রতার সঙ্গে মার্কিন আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বিচার বিভাগের উপর সুগভীর শ্রদ্ধা রয়েছে। চ্যালেঞ্জের এই গোটা পর্বজুড়ে সত্য, স্বচ্ছতা ও আইনের শাসনের প্রতি আস্থা কখনও হারাইনি।’