Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়িতে তালা দিয়ে সপরিবারে তৃণমূলের সভায় কর্মী-সমর্থকরা

বাড়ি তালাবন্ধ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে গিয়েছিলেন পাথরপ্রতিমার গোপালনগরের মাইতি পরিবার

বাড়িতে তালা দিয়ে সপরিবারে তৃণমূলের সভায় কর্মী-সমর্থকরা
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

স্বপন দাস, পাথরপ্রতিমা: বাড়ি তালাবন্ধ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতে গিয়েছিলেন পাথরপ্রতিমার গোপালনগরের মাইতি পরিবার। ফেরার পথে তাঁরা জানালেন, সভায় আসা সার্থক হয়েছে। মঙ্গলবার পাথরপ্রতিমার কলেজ মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেখানে পরিবারের একটি তিনমাসের শিশুকে কোলে নিয়ে এসেছিলেন মাইতিদের ছয় সদস্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের বার্তা শোনাই ছিল তাঁদের উদ্দেশ্য। 

Advertisement

অভিষেকের কাছ থেকে পাথরপ্রতিমার উন্নয়নের পরিকল্পনার কথা শুনে তাঁরা খুব খুশি। সভা শেষে ওই পরিবারের বড় বউমা কুহেলি মাইতি বলেন, সকাল ছ’টায় ঘুম থেকে উঠে বাড়ির কাজ সেরে রান্না বসিয়েছিলাম। ১১টার সময় খাওয়া-দাওয়া শেষ করে শ্বশুর, শাশুড়ি, ননদ, ছোট জা, ছেলে ও তিন মাসের বাচ্চাটিকে নিয়ে সভা দেখতে যাই। স্বামী ও দেওর অন্য জায়গায় কাজ করেন বলে তাঁরা আসতে পারেননি। সভাতে উন্নয়নের বার্তা শুনে খুব আনন্দ পেয়েছি। শুনলাম আগামী দিনে পাথরপ্রতিমায় বাস টার্মিনাস তৈরি করার পরিকল্পনা আছে। এছাড়াও উনি পাথরপ্রতিমা বিধানসভা় এলাকায় আরও উন্নয়ন হবে বলে বার্তা শোনালেন।
নির্বাচন ঘোষণা হওয়ার পর পাথরপ্রতিমায় প্রথম সবথেকে বড় জনসভা হল মঙ্গলবার। এই সভা ঘিরে কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এদিন মহিলা এবং পুরুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মঞ্চের সামনে তৈরি করা প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাওয়ার পরও বাইরে প্রচুর সমর্থকদের জমায়েত ছিল। তিনটে নাগাদ সভা শুরু হলেও, দুপুর একটা থেকে সভাস্থল দর্শকে ভরে যায়। সভাস্থলের পশ্চিম দিকে একটি খাল আছে। খালের অন্য পাড়ে ঝাউগাছের নীচে বসে প্রচুর মানুষ অভিষেকের ভাষণ শোনেন। এত মানুষের উন্মাদনা ও উপস্থিতি দেখে অভিষেক তাঁদের প্রণাম জানান। তৃণমূলের প্রার্থী সমীরকুমার জানা নির্বাচনের প্রায় একমাস আগে যুবনেতার এই ভাষণ পাথরপ্রতিমাবাসীকে উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ