Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অত্যাচার করলে ব্যবস্থা, সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে আশ্বাস বনগাঁর বিধায়কের

নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। বনগাঁতেও একাধিক হিংসার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছেন বিজেপি কর্মী, সমর্থকরা।

অত্যাচার করলে ব্যবস্থা, সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে আশ্বাস বনগাঁর বিধায়কের
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। বনগাঁতেও একাধিক হিংসার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছেন বিজেপি কর্মী, সমর্থকরা। তবে বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করেছে বিজেপি নেতৃত্ব। দলীয় কর্মীদের সংযত থাকতে নির্দেশ দিয়েছেন তাঁরা। এলাকায় শান্তি বজায় রাখতে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন। সেখানে নিজের ফোন নম্বর দিয়ে এলাকাবাসীকে যে কোনো সমস্যায় ফোন করতে আবেদন করেন বিধায়ক।

Advertisement

বিজেপি নেতৃত্বের দাবি, কিছু তৃণমূলি রাতারাতি রঙ পাল্টে অশান্তি ছড়িয়ে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় এক বার্তা দিয়ে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, গণনার রাত থেকেই তৃণমূল ছেড়ে এসে কয়েকজন গেরুয়া রঙ মেখে বিভিন্ন জায়গায় অশান্তি করছেন। এরপরও যদি কেউ এলাকায় অশান্তি করেন, তাহলে পুলিশ তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।
বনগাঁ মহকুমায় বিভিন্ন থানায় বেশ কয়েকটি অশান্তির অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার বিদিশা কলিতা দাসগুপ্ত বলেন, অশান্তি ছড়ালে কাউকেই রেয়াত করা হবে না। ইতিমধ্যে প্রায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার রাতেও বনগাঁ মহকুমায় বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর ও অশান্তির ঘটনা ঘটেছে। বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর আলি মোল্লার দোকান ও কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তবে বুধবার সকাল থেকেই পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করে বিজেপি নেতৃত্ব। বনগাঁর একাধিক ওয়ার্ডে দখল করা তৃণমূলের কার্যালয় তৃণমূল কর্মীদের ফিরিয়ে দেন বিজেপি নেতা, কর্মীরা। পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ভোটের আগে কু মন্তব্য করা এক তৃণমূল কর্মীর হাতে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দেয় বিজেপি নেতৃত্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ