Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাকশন শুরু হয়েছে, কাউকে রেয়াত করা হবে না: লকেট

আমাদের ‘তৎকাল বিজেপি’ বলে কিছু হয় না। যাঁরা রাতারাতি তৃণমূল থেকে তিলক কেটে পতাকা নিয়ে আবির মেখে উত্তরীয় পরে চলে এসেছেন, তাঁদের এখানে জায়গা নেই।

অ্যাকশন শুরু হয়েছে, কাউকে রেয়াত করা হবে না: লকেট
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমাদের ‘তৎকাল বিজেপি’ বলে কিছু হয় না। যাঁরা রাতারাতি তৃণমূল থেকে তিলক কেটে পতাকা নিয়ে আবির মেখে উত্তরীয় পরে চলে এসেছেন, তাঁদের এখানে জায়গা নেই। তাঁরা নিজেদের জায়গায় থাকুন। অ্যাকশন শুরু হয়েছে। অন্যায় করলে কাউকেই রেয়াত করা হবে না। রবিবার পাঁচলার একটি অনুষ্ঠানে এসে এভাবেই সকলকে সতর্ক করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

Advertisement

তিনি বলেন, এই সরকারের উপর অনেক দায়িত্ব আছে। বর্তমানে যাঁরা বিরোধী, তাঁরা শাসক হিসাবে এতদিন চোরেদের স্বাধীনতা দিয়েছিলেন। সাধারণ মানুষকে উপেক্ষা করেছিলেন। সাধারণ মানুষ তার জবাব দিয়েছে। মনে রাখবেন, এখানে চোর-ডাকাত, অবৈধ লোকেদের কোনো জায়গা হবে না। বাংলাকে এখন সারা দেশের মধ্যে সামনের সারিতে নিয়ে যাওয়া হবে। তার জন্য অনেক কাজ করতে হবে। তবে কোনো মানুষকে আগামী দিনে অবহেলা করা হবে না। প্রত্যোককে তাঁদের নির্দিষ্ট সম্মান ফিরিয়ে দেওয়া হবে।
লকেট চট্টোপাধ্যায় বলেন, কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসছে। কোনোরকম মাফিয়া, চোর, ডাকাত, মস্তানি এই সরকারের আমলে চলবে না। যারা সিন্ডিকেট, কাটমানিতে আছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজ শুরু হয়ে গিয়েছে। এই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর কারও উপর আঘাত করা হয়েছে, এটা কেউ বলতে পারবেন না। পার্টি অফিস যাঁরা দখল করেছিলেন, সেইসব খুলে দেওয়া হয়েছে। ঘরছাড়াদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ঘরে ফিরিয়ে আনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন পাল সহ অন্যরা।

সম্পর্কিত সংবাদ