Bartaman Logo
২৬ জুন, ২০২৬

বিজেপি নেতার ভাইপো খুনে অভিযুক্তের এনকাউন্টার

গত ২৯ এপ্রিল বিহারে খুন হয়েছিলেন বিজেপি নেতা মনোজ সিংয়ের ভাইপো হর্ষ। সিওয়ানের সেই হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসাবে সোনুকুমার যাদবের নাম উঠে এসেছিল।

বিজেপি নেতার ভাইপো খুনে অভিযুক্তের এনকাউন্টার
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিওয়ান: গত ২৯ এপ্রিল বিহারে খুন হয়েছিলেন বিজেপি নেতা মনোজ সিংয়ের ভাইপো হর্ষ। সিওয়ানের সেই হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসাবে সোনুকুমার যাদবের নাম উঠে এসেছিল। রবিবার সকালে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ওই ওয়ান্টেড অপরাধীর। পুলিশ সূত্রে খবর, হত্যাকাণ্ডের ঘটনায় সোনুর খোঁজ চলছিল। তাঁর হদিশ পেতে ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বড়হরিয়া থানা এলাকার লাকরিতে তল্লাশি শুরু করে পুলিশ। এসডিপিও অজয়কুমার সিংয়ের নেতৃত্বে একটি টিম গোটা এলাকা ঘিরে ফেলে। কোণঠাসা হতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। জবাব দেয় বাহিনীও। তাতে গুরুতর জখম হয় সোনু। দ্রুত তাঁকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, হর্ষ খুনে মূল অভিযুক্ত ছিল সোনু। সেদিনের গুলি কাণ্ডে বিজেপির এমএলসি মনোজ সিংয়ের আরও এক আত্মীয় গুরুতর জখম হন। এই ঘটনায় ইতিমধ্যেই ছোটু যাদব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও হেপাজতে নেওয়ার সময় গুলির লড়াই হয়। জখম হয়েছে ছোটু। বর্তমানে সে পাটনা মেডিকেল কলেজে ভর্তি। খুনের ঘটনায় তৃতীয় অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে অপরাধের সময় ব্যবহৃত গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এদিনের এনকাউন্টার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ প্রশাসনের তরফে এনিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রশ্ন উঠতেই শীর্ষ এক আধিকারিকের সাফাই, রাজ্যে অপরাধ কমাতে ধারাবাহিক অপারেশন চলছে। তারই অংশ হিসেবে এই এনকাউন্টারকে দেখা হচ্ছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ