নিজস্ব প্রতিনিধি, বারাসত: গাঁজা, মদের ঠেকের প্রতিবাদ করায় এক যুবককে মারধরে অভিযুক্ত এখনও অধরা। প্রতিবাদে বুধবার গভীর রাতে ক্ষুব্ধ গ্রামবাসীরা একটি গাঁজার ঠেক ভেঙে আগুন ধরিয়ে দেন। ঘটনাটি দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের সুবর্ণপুর এলাকার। বৃহস্পতিবার সকালেও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সরব হন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুবর্ণপুর এলাকায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে মদ ও গাঁজার কারবার চলছিল। অভিযোগ, সেই কারবারের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা মহম্মদ মোজাফ্ফর হোসেনের উপর হামলা চালান গাঁজা বিক্রেতারা। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রথমে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে, পরে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামবাসীদের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এলাকায় নেশার কারবার বন্ধ হয়নি। সেই ক্ষোভ থেকেই বুধবার রাতে বাসিন্দারা গাঁজার ঠেক ভেঙে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়।



