নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার সম্পত্তির আদৌ কিছু অবশিষ্ট রয়েছে কি না, তা যাচাইয়ে মুর্শিদাবাদের জেলাশাসকের নেতৃত্বে অনুসন্ধান দল গঠন করল হাইকোর্ট। সিরাজের তৈরি হীরাঝিল প্রাসাদ ও সংলগ্ন এলাকা কী অবস্থায় রয়েছে, প্রাসাদের ধ্বংসাবশেষ রক্ষা করা যায় কি না, তা নিয়ে রিপোর্টও চেয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার আদালত নির্দেশে জানিয়েছে, মুর্শিদাবাদের জেলাশাসকের নেতৃত্বে একটি দল জায়গাটি পরিদর্শন করবে। দলে থাকবেন কেন্দ্র ও রাজ্যের পুরাতত্ত্ব সর্বেক্ষণের একজন করে প্রতিনিধি। এ ছাড়া ওই দলে থাকবেন রাজ্য হেরিটেজ কমিশনের প্রতিনিধি। পরিদর্শন দলের আহ্বায়ক হবেন জেলাশাসক। আদালত জানিয়েছে, পরিদর্শন দলকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে মামলাকারী ট্রাস্ট। এরপর আগামী ছ’সপ্তাহের মধ্যে ওই দল আদালতে রিপোর্ট জমা দেবে।
প্রসঙ্গত, সিরাজদ্দৌলার তৈরি হীরাঝিল প্রাসাদের শেষ অংশটুকু সংরক্ষণের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়ালে দাবি করেন, ওই স্থাপত্যের অবশিষ্টাংশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত শুনানিতে ওই মামলায় রাজ্যের অবস্থান জানতে চেয়েছিল হাইকোর্ট। এদিন রাজ্যের আইনজীবী সওয়ালে বলেন, ১৭৫৮ সাল নাগাদ ওই প্রাসাদ ধ্বংস করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ শাসনকালের আগেই পুরোপুরি ধ্বংস হয়েছে হীরাঝিল। সেখানে ইতিহাসের আর কোনও অংশই অবশিষ্ট নেই। মামলাকারীদের তরফে পাল্টা বলা হয়, ওই স্থাপত্যের কিছু অংশ এখনও রয়েছে। এবার বিষয়টি যাচাই করতে অনুসন্ধান দল গঠন করল হাইকোর্ট।