নিজস্ব প্রতিনিধি কলকাতা: চিকিৎসার জন্য বিদেশ সফরের আগে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেল। বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি কৃষ্ণ রাও। ওই দিনেই অভিষেকের আবেদন শুনবে আদালত। অভিষেকের আইনজীবীর তরফে অবশ্য দ্রুত শুনানির আরজি জানানো হয়েছিল। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়াই কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী। ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি বলে দাবি করেন তিনি। বিচারপতি জানতে চান, অভিষেকের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কি না। জবাবে অভিষেকের আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশমতো তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো সম্পর্ক নেই। তার পরেই বিচারপতি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিস দিতে বলেছিলেন। এই মামলার শুনানি হবে আজ বৃহস্পতিবার।



