Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৩০ মে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাবেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার ঘটনায় দলের বেশ কয়েকজন কর্মী মারা গিয়েছেন বলে দাবি তৃণমূলের। ওই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব

৩০ মে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাবেন অভিষেক
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসার ঘটনায় দলের বেশ কয়েকজন কর্মী মারা গিয়েছেন বলে দাবি তৃণমূলের। ওই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব। এবার দলের পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি নিয়েছেন। আগামী ৩০ মে অভিষেকের প্রথম কর্মসূচি রয়েছে। বিধানসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পর শনিবারই অভিষেকের প্রথম কর্মসূচি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের সোশ্যাল মিডিয়ার কর্মীর সঞ্জু কর্মকারের মৃত্যু হয়েছে। ৩০ মে সঞ্জুর বাড়িতে যাবেন অভিষেক। সঞ্জুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং দলের তরফে সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেবেন। ওই দিন বেলেঘাটাতেও যাওয়ার কর্মসূচি রয়েছে অভিষেকের। বেলেঘাটায় নিহত হয়েছেন তৃণমূলের বুথ এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়ক। তাঁর বাড়িতে গিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বস্তুত, বর্তমান পরিস্থিতিতে দলের কর্মীদের পাশে থাকা এবং কর্মীদের একত্রিত করার উপর জোর দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে দলের স্বার্থে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মমতা ও অভিষেক। তাঁদের অভিযোগ, তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় কর্মীরা ঘর ছাড়া, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল তৃণমূল। এবার মমতা ও অভিষেক রাজ্যের বিভিন্ন জায়গা পরিদর্শনে যাবেন। পাশাপাশি আইনগতভাবেও লড়াই চালাবে তৃণমূল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ