নিজস্ব প্রতিনিধি কলকাতা: ডিজে কাণ্ডে আদালতের নির্দেশ সত্ত্বেও কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে সতর্ক করে বলেন, অবিলম্বে কণ্ঠস্বরের নমুনা দিয়ে তদন্তে সহযোগিতা না করলে, আদালত তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেবে। সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারিতে আর বাধা থাকবে না।
আদালতের নির্দেশ মেনে আগামী ১৫ জুলাই বেলা ১২টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে কেউ যেন সেই সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম না ছোড়ে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিষেকের আইনজীবী। আদালত জানায়, ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার। রাজ্যকে তা নিশ্চিত করতে হবে।
এদিন মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্যকে ভর্ৎসনা করে মন্তব্য করেন, ‘কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। পুলিশের নোটিসে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। না হলে মামলা খারিজ করে জরিমানা করব।’ অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি আরও বলেন, ‘‘রক্ষাকবচের নির্দেশ প্রত্যাহার করব? হ্যাঁ কি না, উত্তর দিন। না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন।’
অভিষেকের আইনজীবী অবশ্য বলেন, ‘আমার মক্কেল স্বীকার করছেন, সেটি তাঁর কণ্ঠস্বর। গত ২৩ জুন কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশ জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে।’ বিচারপতি তখন জানান, ভারতীয় সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তার শর্ত। বিচারপতি ভট্টাচার্যর মন্তব্য করেন, ‘একই বিষয়ে এই আদালত একটি নির্দেশ জারি করেছে। রক্ষাকবচ পেয়েছেন। অন্য দিকে, একই বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা করলেন। এটা কী ধরনের আচরণ? বিচার পদ্ধতির অপব্যবহার করছেন। আমার নির্দেশে স্পষ্ট বলা ছিল, তদন্তে সহযোগিতা করতে হবে। ফলে তদন্তকারী সংস্থা যদি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, সেটাও নির্দেশের মধ্যেই পড়ে।’
এরপরই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে ১৫ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে কেউ যেন সেই সময়ে তাঁকে লক্ষ্য করে ডিম না ছোড়ে। ডিম ছোড়ার বিষয়ে আদালত আগেই রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিল। শুক্রবার রাজ্যের উদ্দেশে বিচারপতি ভট্টাচার্য বলেন, ‘ডিম ছোড়ার ঘটনা বন্ধ হওয়া উচিত। জনতাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে এই ধরনের ঘটনা না ঘটে।’ ডিম যাতে ছোড়া না হয়, রাজ্যকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।- ফাইল চিত্র