নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জরুরি কারণ দেখিয়ে দুদিনের জন্য হাজিরা এড়িয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড কাণ্ডে শেষমেশ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন মমতাপন্থী তৃণমূলের সাধারণ সম্পাদক। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ থানায় যান তিনি। প্রায় ২ ঘণ্টা জেরা করা হয় অভিষেককে। থানা থেকে বেরিয়ে আসার সময় তৃণমূল সাংসদ বলেন, পুলিশের তরফে যখনই আমাকে ডাকা হয়েছে, আমি হাজির হয়েছি। ভবিষ্যতেও ডাকলে হাজির হব। পুরসভার অভিযোগ, ওই বোর্ডটি বেআইনিভাবে লাগানো হয়েছিল। কিন্তু আমি এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করেছি এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। এই সংক্রান্ত আইনি বিষয় সুপ্রিম কোর্টেও উঠেছে। আমার প্রশ্ন খুব সহজ। কলকাতা পুরসভা যদি বিজ্ঞাপন বোর্ডটি সরাতেই চাইত, তা হলে আমাকে নিয়মমাফিক নোটিস দেওয়া হল না কেন?
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করে অভিষেকের প্রশ্ন, ‘তৃণমূল কংগ্রেসের যদি কোনো রাজনৈতিক শক্তিই না-থাকে, তাহলে শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্য নেতারা আমাদের এত ভয় পাচ্ছেন কেন? আমাদের নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে, জোর করে নিশানা করা হচ্ছে এবং রাজনৈতিক কাজ করতে বাধা দেওয়া হচ্ছে কেন? আমাদের দলের কর্মীদের উপর হামলা, সম্পত্তি নষ্ট করা এবং দোকানে আগুন লাগানোর অভিযোগও এসেছে।’
এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পালটা বক্তব্য, ‘ক্ষমতা থাকলে ডায়মন্ডহারবারে গিয়ে আরও একবার দাঁড়াতে বলুন। এখনো তো সাংসদ আছেন, যান না পুজো উদ্বোধন করতে।’



