নিজস্ব প্রতিনিধি কলকাতা: ব্যক্তিগত তথ্য ও তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে! এমন অভিযোগ তুলে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলায় গোপনীয়তার অধিকার দাবি করেছেন তিনি। অভিযোগ, তদন্ত চলাকালীন তাঁর গোপন তথ্য, তদন্তের অগ্রগতি এবং জিজ্ঞাসাবাদের বিষয়গুলি সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া হচ্ছে। এতে তদন্ত প্রভাবিত হচ্ছে। ক্ষুণ্ণ হচ্ছে তাঁর মর্যাদাও। ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের তাগিদে এই ধরনের সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ। আদালতে অভিষেকের আইনজীবী জানান, তদন্তের বিষয়ে সংবাদমাধ্যমে অনুমাননির্ভর, চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তাঁর মক্কেলের বিদেশযাত্রা, ব্যক্তিগত ও বৈবাহিক জীবন নিয়ে এমন কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিতই নয়। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠেছিল। কিন্তু বিচারপতি রাও এই মামলা শুনতে চাননি। মামলাটি তিনি ছেড়ে দিয়েছেন। জানিয়েছেন, এখানে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে। তাই উপযুক্ত বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত।



