Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অর্পিতা ঘোষ জিতলেই হবে মেডিকেল কলেজ, বালুরঘাটের সভায় প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আপনারা অর্পিতা ঘোষকে জেতান। তাহলেই বালুরঘাটে মেডিকেল কলেজ হবে। মঙ্গলবার বালুরঘাটে ভোট প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অর্পিতা ঘোষ জিতলেই হবে মেডিকেল কলেজ, বালুরঘাটের সভায় প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গোপাল সূত্রধর, বালুরঘাট: আপনারা অর্পিতা ঘোষকে জেতান। তাহলেই বালুরঘাটে মেডিকেল কলেজ হবে। মঙ্গলবার বালুরঘাটে ভোট প্রচারে এসে এমনই প্রতিশ্রুতি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন আক্ষেপও ঝরে পড়েছে তাঁর গলায়।

Advertisement

বালুরঘাটের একমাত্র প্রাক্তন তৃণমূল বিধায়ক শংকর চক্রবর্তীর প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। বলেন, ২০১১ সালে শংকরবাবু পাঁচ বছর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন। সেই সময় বালুরঘাটে উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছিল। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন,শংকরদাকে জেতান, তাহলে ২০২১ সালের মধ্যে বালুরঘাটে মেডিকেল কলেজ করা হবে। কিন্তু ২০১৬ সালে আরএসপির বিশ্বনাথ চৌধুরী এবং গতবার বিজেপির অশোক লাহিড়ী জেতেন। ফলে বালুরঘাটের উন্নয়ন একেবারেই থমকে যায়।
এর পরেই অভিষেকের ঘোষণা,বালুরঘাটের দীর্ঘদিনের দাবি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ করা হোক। অর্পিতাকে জেতালে সেই দাবিকে অগ্রাধিকার দেব, কথা দিয়ে যাচ্ছি। আমি কথা দিলে রাখি। তবে আমরা যদি দু’পা হাঁটি, আপনাদেরও দু’পা হাঁটতে হবে। সিদ্ধান্ত আপনাদের। বালুরঘাট মা বোল্লার মাটি, কেউ এখানে বশ্যতা স্বীকার করে না।
চৈত্রের প্রখর রোদে ক্লান্ত হয়েও অভিষেকের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলেন কর্মীরা। এই ঘোষণার পর বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু হয়। 
মঙ্গলবার মঞ্চে দক্ষিণ দিনাজপুর জেলার ছয় প্রার্থীকে নিয়েই তাঁদের ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন অভিষেক। বিশেষ করে বালুরঘাট এবং তপন বিধানসভার দুই প্রার্থী অর্পিতা ঘোষ এবং চিন্তামণি বিহার কেন্দ্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। সেইসঙ্গে দলের প্রার্থীরা জয়ী হলে একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। রাস্তাঘাট থেকে পানীয় জল, শিক্ষা থেকে স্বাস্থ্য ও সমস্ত ক্ষেত্রে উন্নয়নের দায়িত্ব নিয়েছেন তিনি।।
অভিষেকের সাফ বক্তব্য, সাধ্যমত এই জেলার জন্য কাজ করব। যখন যতটুকু প্রয়োজন সবটাই করা হবে। এই জেলার উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছি। পশ্চিমবঙ্গে ৫০টি বড় কোল্ড স্টোরেজ গড়ব আমরা। তার মধ্যে দু’টি দক্ষিণ দিনাজপুর জেলাতেই করা হবে। চতুর্থ বার সরকার গঠনের ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করবই।
দক্ষিণ দিনাজপুর জেলায় দীর্ঘদিন ধরেই মেডিকেল কলেজের দাবি উঠে আসছে। প্রত্যেকবার নির্বাচন এলেই সেই দাবি ক্রমশ জোরালো হয়। কিন্তু বালুরঘাটে গত ১০ বছর বিরোধী দলের বিধায়ক ছিলেন। ২০১১ সালে তৃণমূলের শংকর চক্রবর্তী পূর্তমন্ত্রী হয়েছিলেন। এরপর উন্নয়ন শুরু হলেও কেন্দ্রটি ২০১৬ সালে আরএসপি এবং ২০২১ সালে বিজেপির দখলে যায়। ফলে মেডিকেল কলেজ তো দূরের কথা, উল্লেখযোগ্য উন্নয়নও বালুরঘাটে হয়নি বলে অভিযোগ তৃণমূলের। এই বিষয়টি তুলে ধরে অর্পিতা আগেই প্রচারে নেমেছিলেন। এবার অভিষেকও সেই কৌশলে চলার বার্তা দিয়ে গেলেন। • বালুরঘাটে অভিষেক। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ