Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গোসাবায় সেতু, কংক্রিট নদীবাঁধ নির্মাণের আশ্বাস, অবাধ্য কর্মী-সমর্থকদের হুঁশিয়ারি অভিষেকের

গোসাবার দলীয় কর্মী-সমর্থকদের কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করার পাশাপাশি, তাঁর ভাষণের শেষলগ্নে এসে দলের স্থানীয় নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, কয়েকটি অঞ্চলে কেউ কেউ তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছেন।

গোসাবায় সেতু, কংক্রিট নদীবাঁধ নির্মাণের আশ্বাস, অবাধ্য কর্মী-সমর্থকদের হুঁশিয়ারি অভিষেকের
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, গোসাবা: গোসাবার দলীয় কর্মী-সমর্থকদের কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করার পাশাপাশি, তাঁর ভাষণের শেষলগ্নে এসে দলের স্থানীয় নেতৃত্বের উদ্দেশে তিনি বলেন, কয়েকটি অঞ্চলে কেউ কেউ তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছেন। তাঁদের চিহ্নিত করেছি। কোথা থেকে টাকা নিয়ে এসব করা হচ্ছে, সব খবরই আমার কাছে আছে। কার সঙ্গে রাতের অন্ধকারে বৈঠক করছেন তাঁরা,  সব নজর রয়েছে আমার। ওঁরা ভাবছেন ষড়যন্ত্র করে দলকে দুর্বল করবেন! তাঁদের বলব, ৪ তারিখ বিকেলে দেখা হবে। তারপর বাকি জীবন কীভাবে কাটবে, সেটা মাথায় রাখবেন!

Advertisement

গোসাবায় প্রার্থী হিসাবে  সুব্রত মণ্ডলের  নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এদিন অভিষেকের সভাতেও তা স্পষ্ট। বিধায়ক বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত নেতারা এদিনের সভায় ডাক পাননি। প্রশ্ন উঠেছে, তাহলে কি সেই নেতা-কর্মীরা নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করছেন না? সেই জল্পনার এদিন অবসান ঘটিয়ে দলীয় কর্মীদের এককাট্টা হয়ে লড়াইয়ে নামার নির্দেশ দিয়েছেন অভিষেক। পাশাপাশি, যাঁরা দলের বিরুদ্ধে কাজ করছেন তাঁদেরকে সতর্ক করেও রাখলেন তিনি।
এদিকে, গোসাবাবাসীর অন্যতম প্রধান দাবি হল, উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা এবং কংক্রিটের নদীবাঁধ। এদিন সভা থেকে সেই দাবি পূরণেরই আশ্বাস দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। তিনি বলেন, এই দ্বীপের কয়েকটি এলাকার মানুষের যে তিনটি সেতুর দাবি রয়েছে, সেটা সাধ্যমতো পূরণ করারই চেষ্টা করব। যত দ্রুত সম্ভব সমীক্ষা করে যাতে কাজ শুরু করা যায় সেই উদ্যোগ নেওয়া হবে। এছাড়া আমতলিতে পুঁইনজলি গ্রামে রায়মঙ্গল নদীর ধারে ৪০০ ফুট এলাকা এবং পাখিরালয়ে গোমর নদীর উপর কংক্রিট বাঁধ করার উদ্যোগ যাতে সরকার নেয়, সেই ব্যাপারেও চেষ্টা করব। 
তবে ২০১৮ সালে গোসাবা থেকে গদখালি পর্যন্ত বিদ্যাসেতু তৈরির যে উদ্যোগ সরকার নিয়েছিল, তা কেন শুরু করা যায়নি তারও ব্যাখ্যা দিয়েছেন অভিষেক। এক পরিবেশবিদের মামলার কারণে সেটি আটকে রয়েছে বলে এদিন সভা থেকে দাবি করেছেন তিনি। তবে চতুর্থবার তৃণমূল সরকার গঠনের পর এই জট যাতে দ্রুত কাটানো যায় সেই ব্যাপারেও পদক্ষেপ করবে সরকার। তৃণমূলের সেনাপতির আশ্বাস পেল গোসাবা।

Advertisement
সম্পর্কিত সংবাদ