জয়পুর: রাজস্থানের জয়পুরে হেনস্তার শিকার হলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিত্ দিপকে। এদিন দুপুরে শহিদ স্মারক এলাকায় শান্তিপূর্ণ জমায়েতের ডাক দিয়েছিল সিজেপি। সেখানে ভাষণ দেওয়ার কথা ছিল অভিজিতের। সমর্থকরা কাঁধে চাপিয়ে তাঁকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন অভিজিৎকে চড়-থাপ্পড় মারতে শুরু করে। জামা ধরেও টান মারা হয়। ঘটনার জন্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন ককরোচ পার্টির সদস্যরা। ঘটনার পরে ককরোচ পার্টির সমর্থকরা অভিযুকতিদের ধরে বেধড়ক মারধর করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। সিজেপির রাজ্য মুখপাত্র অভিষেক জৈন বিট্টুর অভিযোগ, সমাজবিরোধীদের বাধা না দিয়ে পুলিশ ও প্রশাসন এই হামলা হতে দিয়েছে। যে আধিকারিকদের গাফিলতির জন্য এমন ঘটনা ঘটল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রানকা আবার অভিযোগ তুলেছেন, জমায়েতে ভিড় যাতে কম হয়, তার জন্য ইচ্ছা করে দুপুর তিনটেয় সময় দিয়েছিল প্রশাসন।



