সন্দীপ ঘোষের জামিনে ক্ষুব্ধ অভয়ার বাবা, সিবিআই তুলে দেওয়ার দাবি
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর হতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন অভয়ার বাবা শেখর দেবনাথ। শুধু সিবিআইয়ের বিরুদ্ধে নয়, প্রয়োজনের রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সিবিআইয়ের প্রতি অনাস্থা আর ক্ষোভ প্রকাশ করে তাঁর মন্তব্য, যে সংস্থা বিচার নিশ্চিত করতে পারে না, তাকে কোটি কোটি টাকার সরকারি খরচে টিকিয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই।

Advertisement

আর্থিক দুর্নীতি মামলায় শুক্রবার সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাত জনের বয়ান নথিভুক্ত করা সম্ভব হয়েছে। তদন্তের এই ঢিলেঢালা প্রক্রিয়া ঘিরেই ক্ষোভে ফেটে পড়েছেন নিহত চিকিৎসকের পরিবার। শনিবার শেখরবাবু বলেন, ‘সিবিআইয়ের মতো সংস্থাকে ভারতবর্ষ থেকে তুলে দেওয়া উচিত। কোটি কোটি টাকা বেতন দিয়ে এই সংস্থাকে পুষে রাখার দরকার নেই’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নিশানা করে তাঁর কটাক্ষ, ‘যে সংস্থা কাজ করলে মাইনে পায়, আর কাজ না করলে ঘুষ পায়, সেই সংস্থা এরকমই করবে।  শেখরবাবুর দাবি, তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেবল সময়ের দোহাই দিয়ে দায় এড়াচ্ছেন।
এদিকে সন্দীপ ঘোষের জামিনে চিকিৎসকমহল ও সমাজের বিভিন্ন অংশে ক্ষোভ তৈরি হয়েছে। আজ, রবিবার দুপুর ২টোয় অভয়া মঞ্চ গান্ধী মূর্তির পাদদেশে ধিক্কার ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। আবার ২৬ অক্টোবর, রবিবার দুপুর তিনটেয় আইএমএ কল্যাণী ও আইএমএ আরামবাগ শাখা সিবিআই দপ্তরে অভিযানের ডাক দিয়েছে।