নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শেষকৃত্য নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ। অভয়া কাণ্ডে রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে তদন্ত প্রক্রিয়ায় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট। ওই ঘটনাতেও সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ওইসঙ্গে এই ঘটনায় পৃথক এফআইআর হয়েছে কি না জানতে চেয়েছেন বিচারপতি।
রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর জি করের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশে খড়দহ থানার পুলিশ নতুন এফআইআর করে। অভিযোগ, নির্যাতিতা তরুণীর দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। এই ঘটনায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
যদিও বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ প্রশ্ন তুলেছে, আদালতের নজরদারিতে আর জি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। তারা বিশেষ তদন্তকারী দল বা সিটও গঠন করেছে। তারপরেও পুলিশ তদন্ত শুরু করল কেন? বিচারপতি আরও বলেন, ‘আমরা আগেই বলে দিয়েছিলাম কীভাবে তদন্ত হবে। সবদিক খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলাম তদন্তকারী দলকে। খড়দহ থানার পুলিশ কি আইন সম্পর্কে অজ্ঞ? নাকি আদালতের সঙ্গে চালাকি করার জন্য এফআইআর করা হয়েছে?’
সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আদালত বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারে বলেও মন্তব্য করেছেন বিচারপতি সরকার। এই মামলায় এদিন নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু সিংহরায়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এদিন আদালতে সশরীরে হাজির ছিলেন খড়দহ থানার আইসি এবং আইও।