নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া কাণ্ডে শীঘ্রই তিনজন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোটা বিষয়টি দেখছেন বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। সম্প্রতি এই ঘটনায় ন্যায়বিচারের দাবিতে সরকারের শীর্ষ মহলে দরবার করতে আসা এক চিকিৎসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলা হয়েছে, ওই ঘটনায় তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য। তবে তাঁরা কারা, এই বিষয়ে খোলসা করা হয়নি। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানানো হয়। পুলিস সূত্রের খবর, অভয়ার ঘটনায় ইতিমধ্যেই যাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁরা ছাড়াও বেশ কয়েকজন চিকিৎসকের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। তাঁদের কয়েকজন ঘটনার পরপরই পূর্বতন সরকারের প্রভাবশালী মহলে ঘন ঘন যোগাযোগ করেছিলেন। সেই সম্পর্কিত বেশকিছু প্রমাণও তদন্তকারীদের হাতে এসেছে।
আসন্ন ৯ আগস্ট অভয়া কাণ্ডের দুবছর সম্পূর্ণ হবে। এতদিন কাটলেও সে তদন্ত যথাযথ হয়নি বলে বহু মানুষের ক্ষোভ রয়েছে। ভোটপ্রচারের সময় থেকেই বিজেপি বলে আসছিল, অভয়ার পরিবার ন্যায়বিচার পাবে। ক্ষমতায় এসে নতুন সরকার ওই কেসে কর্তব্যে গাফিলতি ও তদন্তে ঢিলেমির অভিযোগে দুজন আইপিএস অফিসারকে এবং জনসংযোগ আধিকারিক না-হওয়া সত্ত্বেও সংবাদমাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগে আরও একজন আইপিএসকে সাসপেন্ড করে। থ্রেট কালচার ও নানা অভিযোগে অভিযুক্ত দুই চিকিৎসকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া তিন চিকিৎসক ওই ঘটনায় সরকারের স্ক্যানারে আছে বলে পদস্থ মহল সূত্রে জানা যাচ্ছে। বামপন্থী চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স-এর সিনিয়র নেতা অধ্যাপক ডাঃ মানস গুমটা বলেন, আর কতদিন উপযুক্ত ন্যায়বিচারের অপেক্ষায় বসে থাকতে হবে? তাও বলব, নতুন সরকারের কাছে আশা ছাড়ছি না।