চেন্নাই: অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তারকা স্পিনারকে প্রশংসায় ভরিয়েছেন শচীন তেন্ডুলকর, কপিল দেব, বিরাট কোহলিরা। এবার অ্যাশের জন্য আবেগঘন বার্তা দিলেন স্ত্রী প্রীতি নারায়নন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রীতি লেখেন, ‘গত দু’দিন অদ্ভুত কেটেছে আমার। ভাবছিলাম, আমার প্রিয় ক্রিকেটারের জন্য কী লিখব। সেদিন তোমায় যখন সাংবাদিক সম্মেলনে দেখলাম, অনেক ছোট-বড় চিন্তা মাথায় ভিড় করছিল। শেষ ১৩-১৪ বছরের অজস্র স্মৃতি, যেমন বড় ম্যাচে জয় কিংবা ম্যাচের সেরা হওয়ার ঘটনা। আবার রুদ্ধশ্বাস ম্যাচের পর তোমার নীরবতা। খেলা শেষে তোমার দীর্ঘক্ষণ স্নান করা। পেন-পেপার নিয়ে ম্যাচের পরিকল্পনা কষা।’ তাঁর সংযোজন, ‘কীভাবে কিট ব্যাগ গোছাতে হয় জানতাম না। সেখান থেকে তোমার সঙ্গে বিশ্বের বড় বড় সব স্টেডিয়ামে যাওয়া। তোমার জন্য গলা ফাটানো। তোমার সৌজন্যেই আমিও ক্রিকেটের ফ্যান হয়ে গিয়েছি। পেশাদার ক্রিকেটার হতে কতটা পরিশ্রম, শৃঙ্খলা প্রয়োজন তা তোমাকে দেখে শিখেছি। তোমার সাফল্যের খিদে, নিজেকে আরও পরিণত করার জেদ আমায় মুগ্ধ করেছে। বর্ণাঢ্য কেরিয়ারে ইতি টানার পর তোমাকে একটা কথাই বলতে চাই, সবকিছু ঠিকঠাক আছে। আগামী দিনেও সবকিছু ঠিক থাকবে। এখন সময় হয়েছে, কাঁধ থেকে সবকিছু ঝেড়ে ফেলার। নিজের মতো করে জীবন অতিবাহিত করার। মন ভরে খাওয়া দাওয়ায়ও সমস্যা থাকবে না। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাও। জীবনটাকে উপভোগ কর।’



