নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজো দরজায় কড়া নাড়ছে। অথচ এক বছর ধরে বেতন পাননি দাশনগরের আরতি কটন মিলের শ্রমিকরা। ফলে নতুন জামাকাপড় তো দূরের কথা, সংসার চালানো দায় হয়ে উঠেছে তাঁদের। বকেয়া বেতন এবং পুজোর বোনাসের দাবিতে বৃহস্পতিবার কারখানার গেটে হাতে পোস্টার নিয়ে ধরনায় বসেন শ্রমিকরা। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের পরিচালনায় সারা দেশে ২২টি বস্ত্র কারখানা রয়েছে। তারই একটি দাশনগরের আরতি কটন মিল। শ্রমিকদের অভিযোগ, কোভিড পর্ব থেকেই তাঁদের বেতন অনিয়মিত হয়ে পড়ে। অনেক সময় অর্ধেক বেতন দেওয়া হলেও গত ১২ মাস ধরে সেই টাকাটুকুও মেলেনি। দীর্ঘদিন ধরে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যেই এবার পুজোর বোনাসও দেওয়া হয়নি। শ্রমিকদের বক্তব্য, কারখানায় কাজ করেও আজ তাঁদের পরিবারের সদস্যদের জন্য পুজোর নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান হয়নি।



