• আমির খান ও রণবীর কাপুর। বলিউডের এই দুই সুপারস্টার যদি জুটি বাঁধেন, তাহলে কেমন হয়? দর্শকের এই অপেক্ষা দীর্ঘদিনের। সেটাই এবার সত্যি হতে চলেছে। প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আমির ও রণবীর। মঙ্গলবার এই খবর শেয়ার করলেন অভিনেত্রী আলিয়া ভাট। জানা গিয়েছে, নীতেশ তিওয়ারির একটি সিনেমায় দেখা যাবে দুই অভিনেতাকে। মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করেন আলিয়া। নায়িকার হাতে একটি পোস্টার। সেখানে দুই অভিনেতার ছবি। সঙ্গে দু’জনের নামের ইংরেজি ভাষায় আদ্যক্ষর লেখা। ‘একে’ (আমির খান) বনাম ‘আরকে’ (রণবীর কাপুর)। পর্দায় যে দুই অভিনেতার দ্বৈরথ দেখা যাবে, তা স্পষ্ট আলিয়ার শেয়ার করা পোস্টার থেকেই। যদিও গল্প বা অন্যান্য চরিত্র প্রসঙ্গে নির্মাতাদের তরফে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি। সাম্প্রতিক অতীতে এই ভাবে বলিউডের কোনও ছবির ঘোষণাও হয়নি। আগামী ১৪ মার্চ আমিরের জন্মদিন। সেদিক থেকে এটি তাঁর অনুরাগীদের জন্য আগাম জন্মদিনের উপহার। উল্লেখ্য, নীতেশের সঙ্গে ‘রামায়ণ’ ছবিতে কাজ করছেন রণবীর।



