নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করল সোমবার থেকে। আপাতত উপভোক্তা তালিকার বাইরে রাখা হয়েছে ১৭ লক্ষ আবেদনকারীকে। তাঁদের মধ্যে ১০ লক্ষ আবেদনকারী টাকা পেলেন না আধার কার্ড সংক্রান্ত সমস্যার কারণে। কারও ক্ষেত্রে আধার কার্ডে থাকা নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নাম মেলেনি। বহু আবেদনকারীর ক্ষেত্রে আধার ব্যাংক অ্যাকাউন্টে ‘সিডিং’ নেই। এছাড়াও আয়কর প্রদান, ১০ হাজার টাকার বেশি মাসিক আয় বা শহর এলাকায় বাড়িতে তিনটি পাকা ঘর থাকলে তাঁদের উপভোক্তা তালিকা থেকে বাদ রাখা হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে টাকা না পাওয়ার কারণ দেখতে পাবেন আবেদনকারীরা। সেই কারণ যুক্তিযুক্ত বলে মনে না হলে ওই দিন থেকেই ফের যাচাইয়ের আবেদন করা যাবে।
ক্ষমতায় আসার প্রথম দু’মাসে প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছিল নবান্ন। জুলাই মাসে টাকা দেওয়া হয়েছিল ১ কোটি ২০ লক্ষ মহিলাকে। ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদন যাচাই করে আগস্ট মাসের ১৭ তারিখ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এমাসে কতজন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তা ঘোষণা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং সমাজকল্যাণ সচিব মৌমিতা গোদারা বসু। রাজ্যের তরফে জানানো হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন এসেছে। এর মধ্যে ১ কোটি ৬২ লক্ষ আবেদনপত্রের (যা এসেছিল ১০ জুলাই পর্যন্ত) যাচাই সম্পূর্ণ হয়েছে। তাঁদের মধ্য থেকেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলা এমাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। উপভোক্তার সংখ্যাটা গত মাসের চেয়ে ২৫ লক্ষ বেশি। আগস্টে মোট ৪,৩৫০ কোটি টাকা পাঠানো হবে ১ কোটি ৪৫ লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে। বাকিদের (যাঁদের আবেদন ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়েছে) যাচাই শেষ হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। এই যাচাই পর্বে নতুন আবেদন নেওয়া হবে না। যাচাই পর্ব মিটলে তবেই নতুন আবেদন জমা নেওয়ার কাজ চালু হবে। কিন্তু আধার সংক্রান্ত সমস্যা মেটাতে কী পদক্ষেপ করছে রাজ্য? এ বিষয়ে দপ্তরের সচিব জানিয়েছেন, আধার সমস্যা মেটাতে নিজ নিজ এলাকায় ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের। সেক্ষেত্রে কোনো আবেদনকারীদের আধার-ব্যাংক ‘সিডিং’ না থাকলে তা করিয়ে দিতে বলা হয়েছে। যেহেতু তালিকাভুক্ত না হওয়া ১৭ লক্ষের ফের যাচাইয়ের সুযোগ আছে, তাই তাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া থেকে সম্পূর্ণ বাদ পড়েছে, বলা যাবে না। রাজ্যের লক্ষ্য হল সমস্ত যোগ্য উপভোক্তাকে প্রকল্পের সুবিধা প্রদান করা।