Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুলবাড়িতে বাসিন্দাদের তৎপরতায় মাদক সহ হাতেনাতে ধরা পড়ল যুবক

ফুলবাড়িতে মাদক বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। রাজ্যে পালাবদলের পর থেকেই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালিয়ে আসছেন বিজেপি নেতা-কর্মীরা।

ফুলবাড়িতে বাসিন্দাদের তৎপরতায় মাদক সহ হাতেনাতে ধরা পড়ল যুবক
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: ফুলবাড়িতে মাদক বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। রাজ্যে পালাবদলের পর থেকেই ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালিয়ে আসছেন বিজেপি নেতা-কর্মীরা। সেই প্রচারের ফলেই এলাকার সাধারণ মানুষও এখন মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

Advertisement

শুক্রবার গভীর রাতে ফুলবাড়ি ট্রাক স্ট্যান্ড এলাকায় ট্রাক চালকদের কাছে গোপনে মাদক বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল এক যুবক। স্থানীয়দের দাবি, কয়েকজন ট্রাক ড্রাইভারকে ওই যুবককে পুরিয়া দিতে দেখা গিয়েছে। বিষয়টি  সন্দেহজনক হওয়ায় স্থানীয় বাসিন্দারা যুবককে আটক করে বিজেপির স্থানীয় নেতৃত্বকে খবর দেন। খবর পেয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সংখ্যালঘু সেলের সহ-সভাপতি মতিউর রহমান ও অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে জিজ্ঞাসাবাদ করেন। তার হাতে থাকা একটি ব্যাগে  সন্দেহজনক প্যাকেট দেখতে পেয়ে এনজেপি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মাদক সহ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
মতিউর রহমান বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে এবং একটি সুস্থ সমাজ গড়ে তুলতে বিজেপি মাদক বিরোধী আন্দোলনে কড়া অবস্থান নিয়েছে। তাঁর দাবি, ফুলবাড়ি ট্রাক টার্মিনাল ও ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানোর চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত খবর দেওয়ার জন্য এলাকার মানুষকে আহ্বান জানানো হয়েছে। শুক্রবারের ঘটনাটি স্থানীয়দের সচেতনতা ও তৎপরতার ফলেই সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ