মুম্বই: উমার বোধনের আগেই বিনিয়োগকারীদের জন্য সুখবর। ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হতেই ঘুরে দাঁড়ায় সেনসেক্স। বাড়ে টাকার দামও। এদিন একলাফে দেড় হাজার পয়েন্ট বাড়ল সেনসেক্স (১৫৩৪ পয়েন্ট)। প্রায় ২ শতাংশ। দিনশেষে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৪৩১৫.৬১ পয়েন্টে। পিছিয়ে নেই নিফটিও। ৩৭৪.৬৫ পয়েন্ট (১.৬৬ শতাংশ) বেড়ে নিফটি দাঁড়িয়েছে ২২৯৯৭.৩৫ পয়েন্টে। যা গত ২৫ নভেম্বরের পর সর্বোচ্চ। তথ্যাভিজ্ঞ মহলের মতে, অপরিশোধিত তেলের দামে সুরাহার পাশাপাশি ব্যাংক ও আইটি সেক্টরে বিনিয়োগের কারণেই শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। এদিন অপরিশোধিত তেলের দাম ২.৩৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৩.৬ ডলার হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ভরসা যোগাচ্ছে টিসিএস, ইনফোসিস, এইচসিএল, টেক মাহিন্দ্রার মতো ভারতের সংস্থাগুলি। তারই প্রভাবে বিপুল বিনিয়োগ এসেছে প্রযুক্তি খাতে। পাশাপাশি, বেসরকারি আর্থিক সংস্থাগুলিতেও বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। রিলায়েন্স জিও-র আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) নিয়েও বাজারে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। এদিন ৪ শতাংশেরও বেশি বেড়েছে রিলায়েন্সের শেয়ার ভ্যালু।



