Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ জিতলেই নিশ্চিত সুপার সিক্সের টিকিট, কাস্টমসকে হারাতে মরিয়া ইস্ট বেঙ্গল

আট ম্যাচে ছ’টি জয়, বাকি দুটো ড্র। কলকাতা লিগে অপরাজেয় দৌড় অব্যাহত ইস্ট বেঙ্গলের। সেই সঙ্গে সুপার সিক্সের পথে এক পা বাড়িয়ে রেখেছে লাল-হলুদ ব্রিগেড।

আজ জিতলেই নিশ্চিত সুপার সিক্সের টিকিট, কাস্টমসকে হারাতে মরিয়া ইস্ট বেঙ্গল
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আট ম্যাচে ছ’টি জয়, বাকি দুটো ড্র। কলকাতা লিগে অপরাজেয় দৌড় অব্যাহত ইস্ট বেঙ্গলের। সেই সঙ্গে সুপার সিক্সের পথে এক পা বাড়িয়ে রেখেছে লাল-হলুদ ব্রিগেড। লিগের বাকি তিনটে ম্যাচের মধ্যে একটিতে জিতলেই পরের রাউন্ডের টিকিট পাকা করবে তারা। তবে বেশি দূরের কথা না ভেবে রবিবার ঘরের মাঠে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধেই সুপার সিক্স নিশ্চিত করতে চান তন্ময়-মনিতোষরা। পক্ষান্তরে, ইস্ট বেঙ্গলকে হারিয়ে আগামী রাউন্ডের আশা জিইয়ে রাখতে মরিয়া বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা।

Advertisement

গত কয়েক বছর ঘরোয়া লিগে বারবার বড়ো দলগুলিকে টেক্কা দিয়েছে কাস্টমস। চলতি আসরে মোহন বাগানকে বশ মানিয়েছে তারা। তবে একইসঙ্গে খিদিরপুর, বিএসএস ও কালীঘাট এমএসের সঙ্গে পয়েন্ট খুইয়ে সুপার সিক্সের পথটা কঠিন করে অফিস দলটি। ফলে লিগের বাকি দু’টি ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলের দিকে। যদিও সেসব নিয়ে না ভেবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য কাস্টমসের। অন্যদিকে, আপফ্রন্টে ফুটবলারদের সুযোগ নষ্ট ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইস্ট বেঙ্গল কোচ অর্চিষ্মান বিশ্বাসের। কালীঘাট ও খিদিরপুরের বিরুদ্ধে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে বড়ো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতেন মহম্মদ বিলাল, আকাশ হেমব্রমরা। কাস্টমস ম্যাচের আগে তাই ভেদশক্তির উপর বেশি করে জোর দিচ্ছেন লাল-হলুদ কোচ। লিগে কাস্টমস ছাড়া ইস্ট বেঙ্গলের বাকি দুই প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতা ও মোহন বাগান। প্রত্যেকেই সুপার সিক্সের দৌড়ে রয়েছে। তাই তন্ময়দের জন্য লড়াইটা মোটেই সহজ হবে না। আপাতত কাস্টমসের বিরুদ্ধে দুর্গ অক্ষত রেখে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাতে মরিয়া ইস্ট বেঙ্গল।
 ইস্ট বেঙ্গল মাঠে শুরু বিকেল ৩টেয়। সম্প্রচার নম্বর ১০ স্পোর্টস অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ