Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬

ফুড স্টোরেজের মধ্যেই শৌচাগার! এবার ওলিম্পিয়া কফি হাউসেরও লাইসেন্স বাতিল

ফুড স্টোরেজ এরিয়াতেই শৌচাগার। চারদিকে ঘুরছে আরশোলা ও মাছি। রেফ্রিজারেটরে লেগে রক্তের দাগ। যত্রতত্র পড়ে মাংসের অবশিষ্টাংশ।

ফুড স্টোরেজের মধ্যেই শৌচাগার! এবার ওলিম্পিয়া কফি হাউসেরও লাইসেন্স বাতিল
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ফুড স্টোরেজ এরিয়াতেই শৌচাগার। চারদিকে ঘুরছে আরশোলা ও মাছি। রেফ্রিজারেটরে লেগে রক্তের দাগ। যত্রতত্র পড়ে মাংসের অবশিষ্টাংশ। এমনই একাধিক গাফিলতি সামনে আসতেই বৃহস্পতিবার মুম্বইয়ের কোলাবার ১০৮ বছরের পুরানো অলিম্পিয়া কফি হাউসের লাইসেন্স রদ করল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছর জুলাই মাসে মুম্বইয়ে ওডিসি সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান, অভিনেতা টম হলান্ড ও ম্যাট ড্যামন। মুম্বইয়ে এসে এখানেই বান মাস্কা, চা দিয়ে জলযোগ সারেন তাঁরা। এহেন ঐতিহ্যবাহী কফি হাউসটির লাইসেন্স রদ হওয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে। তুকারাম মুন্ডে মহারাষ্ট্র এফডিএ-র প্রধান হওয়ার পর থেকে জোরকদমে অভিযান শুরু হয়েছে। সেইমতো এদিন ওলিম্পিয়া কফি হাউসে হাজির হন আধিকারিকরা। ফুজ স্টোরেজ এলাকার অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি, বাসন ধোয়ায় নোংরা জল ব্যবহার, একসঙ্গে আমিষ ও নিরামিষ খাবার রাখা সহ একাধিক ত্রুটি নজরে আসে। জানা গিয়েছে, মুম্বই সেন্ট্রালে নায়ার হাসপাতালের ক্যান্টিনের লাইসেন্সও রদ করা হয়েছে। মোট ২৭টি জায়গায় অভিযান চালানো হয়েছিল। ১৪টি’র লাইসেন্স বাতিল করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ